শঙ্কা মুছে নাদালের হাসি
শেষ ষোলোতে জিতেও শেষ পর্যন্ত বুঝি হেরে যাচ্ছেন রাফায়েল নাদাল! পরশু এমন শঙ্কাই পেয়ে বসেছিল। কোর্টের লড়াইয়ের চেয়েও যে অনেক বেশি কঠিন এই লড়াইয়ে নামতে হয়েছিল তাঁকে। যেখানে তাঁর প্রতিপক্ষের নাম ছিল—‘চোট’। শেষ পর্যন্ত সেই লড়াইয়েও জয়ী নাদাল। কাল পায়ের পাতায় স্ক্যান করে দেখা গেছে, বড় কোনো সমস্যা নেই। আজ খেলতে তাই বাধা নেই নাদালের।পরশু চতুর্থ রাউন্ডে হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে ৭-৬ (৮/৬), ৩-৬, ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে জেতার পথেই বাঁ পায়ের পাতায় চোট পান। প্রথম সেটে ৬-৬ গেমে সমতার সময় পায়ের পাতায় ব্যান্ডেজ বেঁধে নিতে হয়েছে। দীর্ঘ সময় ধরে শুশ্রূষাও করতে হয়েছে। তার পরও দেল পোত্রোর কঠিন প্রতিরোধ জয় করে হেসেছেন বিজয়ীর হাসি। ভুল বলা হলো। ম্যাচশেষে নাদালের মুখে হাসি ছিল না। বরং ছিল এক দিন পর (আজ) কোয়ার্টার ফাইনালে মার্ডি ফিশের বিপক্ষে খেলতে নামতে পারবেন কি না, সেই অনিশ্চয়তার ছাপ।ম্যাচশেষে সেই শঙ্কার কথাও বলেছিলেন, ‘আমার এখন এমআরআই স্ক্যান করাতে হবে। কী হতে পারে, এটা বলতে পারছি না। তবে আমি উদ্বিগ্ন তো বটেই। প্রথম সেটে ৬-৫ থাকা অবস্থাতেই খুব খারাপ লাগছিল। একবার তো মনে হলো পায়ের পাতা বুঝি ভেঙেই গেছে। জানি না, আমি টুর্নামেন্টে খেলে যেতে পারব কি না।’শেষ পর্যন্ত অবশ্য সুসংবাদ পেয়েছেন। ফেসবুকে সেটি জানিয়েও দিয়েছেন, ‘গতকাল ম্যাচের পর লন্ডনের একটি হাসপাতালে গিয়ে এমআরআই করিয়েছি। ম্যাচের সময় মনে হয়েছিল, গুরুতর কিছু হয়েছে। সুখবর হলো, পরীক্ষায় কোনো চোট ধরা পড়েনি। বিকেলে অনুশীলন করব। আগামীকাল খেলছি। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’গত পরশু মহিলা এককে তারকা পতনের দিনে পুরুষ একক ছিল অঘটনমুক্ত। প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন ফেদেরার, জোকোভিচ ও মারে। ইয়ুঝনিকে ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ফেদেরার। মাইকেল লোদরাকে অনায়াসেই (৬-৩, ৬-৩, ৬-৩) হারিয়েছেন জোকোভিচ। প্রথম সেটটা টাইব্রেকে নিয়ে গেলেও শেষ পর্যন্ত মারের কাছে ৭-৬ (৭/৩), ৬-৩, ৬-২ গেমে হেরেছেন গ্যাসকুয়েটস। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফেদেরার মুখোমুখি হবেন জো-উইলফ্রায়েড সোঙ্গার, মারে ফেলিসিয়ানো লোপেজ ও জোকোভিচ বার্নার্ড টমিচের। এএফপি, রয়টার্স।