শঙ্কিত কুক, উচ্ছ্বসিতম্যাককালাম

আঘাতটা এসেছিল ম্যাচের আগেই। প্রথম ওয়ানডে শুরুর আগেই দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনকে হারিয়ে ইংল্যান্ডের বোলিং আক্রমণটা হয়ে পড়ে দুর্বল। ম্যাচেও সেটিরই প্রভাব পড়ল। পরশু লর্ডসে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২২৭ রান তুলেছিল ইংল্যান্ড। এরপর প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসন ২ উইকেট তুলে নিলেও ম্যাচের লাগামটা ধীরে ধীরে ফসকে গেছে ইংল্যান্ডের হাত থেকে। ওপেনার মার্টিন গাপটিলের অপরাজিত সেঞ্চুরিতে (১০৩*) ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে গেছে নিউজিল্যান্ড।
ম্যাচ শেষে ব্রড-ফিনদের অভাবটাকেই বড় করে দেখেছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। আজ দ্বিতীয় ওয়ানডেতেও এই যুগলকে পাচ্ছেন না কুক। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতেও এই দুজনকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তাই শঙ্কিত কণ্ঠেই ইংলিশ অধিনায়ক স্মরণ করলেন এই দুজনকে, ‘ওঁরা আমাদের পুরো শক্তির ওয়ানডে দলের মূল অংশ ও বিশ্বমানের বোলার। যারা এসেছে (ফিন-ব্রডের পরিবর্তে) তাদের অত অভিজ্ঞতা ছিল না। ওদের অভাব পূরণ হওয়াটা বেশ কঠিন।’ বদলি দুই বোলার ক্রিস ওকস (৬ ওভারে ৪৫ রান) ও জেড ডার্নব্যাখ (১০ ওভারে ৫৫) রানও কম দেননি। ইংল্যান্ড অবশ্য আজকের ম্যাচের জন্য দলে ডেকেছে সাবেক আইরিশ পেসার বয়েড র্যাঙ্কিনকে। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার র্যাঙ্কিন উচ্চতাকে কাজে লাগিয়ে কিউইদের বিপদে ফেলবেন বলেই আশা কুকের।
এদিকে সিরিজের প্রথম ম্যাচে জিততে পেরে বেশ উচ্ছ্বসিত নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এই জয়টা চ্যাম্পিয়নস ট্রফির পাথেয় হবে বলে মনে করছেন কিউই অধিনায়ক, ‘আমরা যদি ধারাটি ধরে রাখতে পারি, কে জানে চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা কত দূর যাব। আমাদের ওয়ানডে দলটা বেশ অভিজ্ঞ।’ তবে পরশুর ওই ম্যাচেও অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পায়নি নিউজিল্যান্ড। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।