শচীন কী করে দেখেই সিদ্ধান্ত নেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্য! সেই চেনা উপলব্ধি! শুরুটা সেই ১৯৯৬ সালে করাচি থেকে। আমার ক্যারিয়ারেরও শুরুর দিক তখন। তারপর বার্মিংহাম, ডারবান, সেন্ট লুসিয়া...। অনেক উচ্চাশা নিয়ে গিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার হতাশাজনক অনুভূতি সব জায়গাতেই। ম্যাচটি বিশ্লেষণ করার বেশি কিছু নেই এই মুহূর্তে। এবং ব্যাটিং-ধসের শুরুটা যে আমাকে দিয়েই হয়েছে, সেটাও আমি এড়িয়ে যাচ্ছি না। আর কয়েক মিটার এদিক-ওদিক পড়লেই ওটা চার বা ছয় হয়ে যেত। তবে জ্যাকব ওরাম দুর্দান্ত এক ক্যাচ নিয়েছে। পুরো টুর্নামেন্টেই আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চেয়েছি। আমরা সেটা অন্তত করতে পেরেছি এবং লড়াইটাও ভালো করেছি। ‘অমুক এই শটটা না খেললেই পারত’ ধরনের কথা মানুষ খুব সহজেই বলতে পারে, কিন্তু বল যখন বাউন্ডারি পার হয়ে যায় তখন আর কেউ কিছু বলে না।দক্ষিণ আফ্রিকা কোনো আইসিসি টুর্নামেন্টে হেরে যাওয়ার পর সব সময়ই মিডিয়ায় আমাদের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। আমি এই দেখে দেখে বেড়ে উঠেছি। আমাদের প্রতিপক্ষদের প্রশংসা পর্যন্তও করতে ব্যর্থ তারা।নেতৃত্ব আর বোলিং তো আছেই, ড্যানিয়েল ভেট্টোরি মাঠে নেমেছে বলেই প্রশংসা পেতে পারে। নিজের পরিকল্পনার ব্যাপারে সে ভালো করেই জানত এবং ভেট্টোরি ও নাথান ম্যাককালাম সেই পরিকল্পনা সফল করতে দারুণ বোলিং করেছে। এই ধরনের মন্থর পিচে ২০-২৫ ওভারের দিকে বল যখন নরম হয়ে যায়, তখন ২৫ থেকে ৩৪ ওভারের মধ্যে পরিবর্তিত বলটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দুর্ভাগ্যজনকভাবে ওই সময়ে আমরা ৪টি উইকেট হারিয়ে ফেলেছি। আর এখানেই জয়-পরাজয় নিশ্চিত হয়ে গেছে।এখন শুধু কেপটাউনের বাড়িতে ফিরে যাওয়ার দিকেই মনোযোগ দিতে পারি। সেমিফাইনাল দেখতে টেলিভিশনটা হয়তো খুলে বসব, তবে পুরো দিন ধরে তা দেখা হয়ে উঠবে না। তবে মোহালিতে ভারত-পাকিস্তান ম্যাচটা মনে হয় মিস করা হবে না! অন্য সবার মতো আমিও আশা করব এই ম্যাচটিকে ঘিরে মাঠে বা মাঠের বাইরে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে।অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর ভারতের আত্মবিশ্বাসটা থাকবে তুঙ্গে এবং এই ম্যাচে ফেবারিট হিসেবে শুরু করবে তারাই। আমার মনে হয় বেশির ভাগ মানুষ যেটিকে ভারতের দুর্বলতা মনে করে, তারা সেই বোলিং নিয়েই এখন কাজ করবে। আর তাদের এটা না করার কোনো কারণ নেই। কারণ বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরতে আর মাত্র দুটি ম্যাচই বাকি। দক্ষিণ আফ্রিকা অন্তত ছোট্ট একটা সান্ত্বনা খুঁজে নিতে পারে। ভারতের কোচিং দলটা তো অন্তত দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে আগত!টুর্নামেন্ট আয়োজনটা চলছে খুব দক্ষ হাতে। স্বাগতিকদের প্রশংসা প্রাপ্য। তবে মানতে কারও আপত্তি থাকার কথা নয় যে অনেক লম্বা একটা টুর্নামেন্ট, কিন্তু তাতে মাঠের দায়িত্বে নিয়োজিতদের কোনো দোষ নেই।আরেকটি বিশ্বকাপ খেলার চেষ্টা করে দেখব কি না এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তখন আমার বয়স হয়ে যাবে ৩৯। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শচীন কী করে!