শচীন-নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু শচীন টেন্ডুলকারের ওপর নির্ভরতা নয়, বরং এখান থেকে বেরিয়ে তরুণদের দায়িত্ব কাঁধে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব।আহমেদাবাদে কাল বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারতীয় দল। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে দলের উদ্দেশে আজ বুধবার কপিল বলেন, ‘শচীন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। ওর প্রতিই দৃষ্টি থাকবে সবার। তবে শুধু শচীনের ওপর নির্ভর করলে চলবে না। ও অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে তরুণদের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সময় এসেছে।’সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্টে ৪-০ তে ধবলধোলাই হয়েছিল ভারত। এবার ঘরোয়া কন্ডিশন কাজে লাগিয়ে পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় মহেন্দ্র সিং ধোনির দল। তবে ভারতের ১৯৮৩-র বিশ্বকাপজয়ী এই অধিনায়ক মনে করেন, ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারানোটা সহজ হবে না। ‘পরিস্থিতি কঠিন। আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী নয়। জহির খান ভালো ফর্মে নেই। হরভজন সিংও ভালো করছে না। এ অবস্থায় আমরা যদি একটি বা দুটি টেস্টের ব্যবধানেও সিরিজ জয় করতে পারি, সেটা হবে অনেক বড় অর্জন।’ বলেছেন ৫৩ বছর বয়সী কপিল।অফস্পিনার হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনকে দলে রেখেছেন নির্বাচকেরা। সঙ্গে আছেন বা-হাঁতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ভারতের বোলিং আক্রমণে বৈচিত্র্যের অভাব রয়েছে কি না, এ প্রশ্নে কপিল বলেন, ‘যদি আপনার দুজন শচীন টেন্ডুলকার থাকে, দুজনকে একসঙ্গে খেলাবেন না? সেরা দলকেই বেছে নিয়েছেন নির্বাচকেরা। বৈচিত্র্য অবশ্যই দরকার আছে। তবে এর মানে এই নয় যে আপনি ভালো খেলোয়াড়কে খেলাবেন না।’প্রতিপক্ষ দলে কোনো দুর্বলতা আছে কি না, এ প্রশ্নে কপিল বলেন, ‘আমি মনে করি না ইংল্যান্ড দুর্বল দল। দলে অনেক ভালো ব্যাটসম্যান ও অলরাউন্ডার রয়েছে, বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। নিচের দিকের ব্যাটসম্যানরা দলীয় সংগ্রহে ভালো অবদান রাখে। ইংল্যান্ডকে দুর্বল দল ভাবি না আমি। ওদের একমাত্র দুর্বল দিক হলো ক্রিকেটারদের মধ্যে সংহতির অভাব রয়েছে। তবে খেলা শুরু হলে এই দুর্বলতা নিমিষে উড়ে যাবে।’