শচীন নয়, লারাকে সেরা মানেন ক্যালিস

২১ বছর আগে ম্যাকমিলান-রিচার্ডসন আর ডোনাল্ডদের দলে ২০ বছরের যে তরুণের অভিষেক হয়েছিল, সেই জ্যাক ক্যালিস গত নভেম্বরে সাদা পোশাক চিরদিনের জন্য তুলে রাখার ঘোষণা দিয়েছেন। ক্যালিস সর্বকালের সেরা অলরাউন্ডার কি না, এ বিতর্কের অবকাশ সামান্যই। প্রোটিয়া অলরাউন্ডারকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর চোখে সেরা প্রতিদ্বন্দ্বী কে? শচীন টেন্ডুলকারের নাম বলেননি ক্যালিস। বলেছেন ব্রায়ান লারার নাম।
অবশ্য হ্যাঁ, টেন্ডুলকারের অকুণ্ঠ প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করেননি ক্যালিস। লিটল জিনিয়াস সম্পর্কে ক্যালিসের মূল্যায়ন, ‘ক্রিকেটকে এগিয়ে নিতে ও (টেন্ডুলকার) বিশ্ব ক্রিকেটের জন্য অনেক করেছে। ক্রিকেটীয় চেতনা অক্ষুণ্ন রেখে কোনো রকম ছাড় না দিয়েই খেলেছে। ওর অর্জন অবিশ্বাস্য। ওর বিপক্ষে খেলা সব সময় উপভোগ করেছি। সব সময় বলেছি, লড়াকু মেজাজে খেলব, কিন্তু ক্রিকেটীয় চেতনা অক্ষুণ্ন রেখে।’
ক্যালিসকে প্রশ্ন করা হয়, আপনার সবচেয়ে কঠিন বা সেরা প্রতিদ্বন্দ্বী কারা ছিল? প্রোটিয়া গ্রেটের জবাব, ‘সিমার ওয়াসিম আকরাম। সে উভয় সুইং করাতে পারত। স্পিনার শেন ওয়ার্ন। খেলাটাকে সে নিয়ন্ত্রণ করত পারত। আর ব্যাটসম্যান ব্রায়ান লারা।’ টেন্ডুলকারকে স্তুতিবন্যায় ভাসিয়ে দিলেও লারাকেই সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীর তালিকায় রাখলেন ক্যালিস।
সাম্প্রতিক সময়ে তিন জমিদারের সংস্কার প্রস্তাব প্রসঙ্গে সরাসরি না বললেও ঠারেঠোরে ক্যালিস বললেন, ‘ভালো নাকি মন্দ—আমি মনে করি না, কেউ এটা ভালো করে জানে। আমাদের অপেক্ষা করতে হবে কী হয়। নির্মম সত্য হলো, অনেক দিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড খেলাটার ওপর ছড়ি ঘোরাচ্ছে। তাই আমি মনে করি না, এটি (সংস্কার) খুব বেশি পরিবর্তন (ক্রিকেটকে) করেছে। আমার অভিমত হচ্ছে, নিজেদের ক্রিকেটের নয়, পুরো ক্রিকেটের স্বার্থেই তারা সিদ্ধান্ত নেবে।’ সূত্র: পিটিআই