শচীন ভারতের ব্রাডম্যান: হেইডেন
ডন ব্রাডম্যান নাকি শচীন টেন্ডুলকার—কে সেরা? বিতর্কটা নতুন নয়। সরাসরি সেই বিতর্কে না গিয়ে শচীনকে ‘ভারতের ব্রাডম্যান’ বলে আখ্যায়িত করলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন।২৪ এপ্রিল ৪০-এ পা দেবেন শচীন টেন্ডুলকার। জন্মদিন সামনে রেখে সবার প্রশংসায় ভাসছেন লিটল মাস্টার। লিটল মাস্টারকে প্রশংসা-বৃষ্টিতে সিক্ত করলেন হেইডেনও।‘সামনের বছরগুলোতে শচীনকে নিয়ে বই লেখা হবে, চলচ্চিত্র নির্মাণ করা হবে। কারণ, ও ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। দেশ ও দেশের বাইরে অনেক সিরিজ জয়ে অসামান্য অবদান রেখেছে। শচীন ভারতের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার, দেশটির ডন ব্রাডম্যান।’ এক সাক্ষাত্কারে বলেছেন ম্যাথু হেইডেন।৪১ বছর বয়সী হেইডেন বলেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় শচীনকে সবার ওপরেই রাখব আমি। এটা শুধু ক্রিকেটের জন্য নয়, তার মধ্যে থাকা গুণাবলি বিবেচনায়।’হেইডেন মনে করেন, শচীনকে শুধুই একজন ক্রিকেটার বা একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে দেখাটা ঠিক হবে না। এসব পরিচয়ের চেয়েও তিনি বেশি কিছু। হেইডেনের ভাষায়, ‘কোনো গ্রেট ক্রিকেটারই শুধু একজন গ্রেট ক্রিকেটার নন। তাঁরা এর চেয়েও বেশি কিছু। আমরা সত্যি শচীনকে ভারতীয় হিসেবে দেখি না। ও ক্রিকেটের চেয়েও বেশি কিছু। শচীন নিজেই একটা দেশ, আশা ও সংস্কৃতি।’ সূত্র: পিটিআই।