শচীন ভিন্ন এক ব্যাটসম্যান: সিডল
সদ্য সমাপ্ত বক্সিং ডে টেস্টের দুই ইনিংসেই শচীন টেন্ডুলকারের উইকেট শিকার করেন পিটার সিডল। চলমান টেস্ট সিরিজে আবারও লিটল মাস্টারের উইকেট শিকারের অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার।শচীন-বধের রহস্যটা তাহলে কী? মেলবোর্নে সাংবাদিকদের এমন প্রশ্নে সিডলের জবাব, ‘এখানে বড় কোনো রহস্য বা পরিকল্পনা নেই। দুটি আউটই ছিল ভিন্ন ধরনের। প্রথম ইনিংসে তিনি বোল্ড হয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ক্যাচ আউট হন। খুব কম সংখ্যক ভালো বলই কেবল তাঁকে চাপে ফেলতে পারে।’বক্সিং ডে টেস্টের দুই ইনিংসে ছয়টি উইকেট শিকার করেন সিডল। ২৭ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, অন্য প্রান্তের ব্যাটসম্যান যখন শচীন টেন্ডুলকার, তখন উইকেট শিকারের জন্য কখনোই অতিরিক্ত চেষ্টা করেন না তিনি। সিডলের ভাষায়, ‘শচীন ভিন্ন এক ব্যাটসম্যান। ওপেনিং বা ১১ নম্বর, যেখানেই তিনি খেলেন না কেন, বোলাররা সব সময় তাঁর উইকেট পেতে চায়। এবার সময়টা আমার ছিল। এরপর হয়তো সময় আসবে প্যাটিনসন বা লিওনের।’ ওয়েবসাইট।