প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে তো তিনি এক কিংবদন্তির নাম, ক্রিকেটের বাইরেও শচীন টেন্ডুলকার আলোচনায় আসেন সাধারণত ভালো কাজের জন্যই। নতুন করে আরও একবার তা এলেন ভারতীয় ব্যাটিং গ্রেট। পশ্চিমবঙ্গের এক স্কুলকে নতুন স্থাপনার জন্য তিনি ৭৬ লাখ রুপির ব্যবস্থা করে দিয়েছেন। টেন্ডুলকার বর্তমানে রাজ্যসভার সাংসদ, তাঁর জন্য বরাদ্দ স্থানীয় অঞ্চলের উন্নয়ন তহবিল থেকেই সংস্থান হয়েছে এই অর্থের। পশ্চিম মেদিনীপুরের এই স্কুলটি বছরের শুরুর দিকেই টেন্ডুলকারের কাছে অর্থ সাহায্য চেয়ে চিঠি লিখেছিল। টেন্ডুলকার সে সময়ই অর্থ বরাদ্দের বিষয়টি সংসদে পাস করিয়ে রেখেছিলেন, চিঠি লিখে সেটি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও দেন। এবার অর্থ পাঠিয়েও দিলেন। স্কুলের প্রধান শিক্ষক তো ভারতীয় কিংবদন্তির সাহায্য পেয়ে খুশিতে একরকম বাক্যহারা, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমাদের।’ ডেকান ক্রনিকল।