শচীন মানসিকভাবে দুর্বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই লিখে বিতর্ক ছড়ানোটা ক্রিকেট দুনিয়ার পুরোনো ব্যাপার। শোয়েব আখতারের আত্মজীবনী বিতর্কের রেশ কাটতে না-কাটতেই বই লিখে নতুন বোমা ফাটিয়েছেন ভারতের সাবেক কোচ ও অস্ট্রেলীয় ব্যাটসম্যান গ্রেগ চ্যাপেল। পুরো ক্রিকেটবিশ্বই যাঁকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে প্রায় মেনে নিয়েছেন, সেই শচীন টেন্ডুলকারকে ‘মানসিকভাবে দুর্বল’ ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের পুরো ভারত-অধ্যায়ই বিতর্কিত হয়ে আছে নানা কারণে। বিভিন্ন সময়ে তিনি বিতর্কে জড়িয়েছেন দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে। সৌরভ গাঙ্গুলী তো মনে-প্রাণেই বিশ্বাস করেন, গ্রেগ চ্যাপেলের কারণেই তাঁর ক্রিকেট জীবন শেষ হয়ে গেছে।গ্রেগ তাঁর সদ্য প্রকাশিত বই ‘ফিয়ার্স ফোকাসে’ লিখেছেন, মাঝেমধ্যে টেন্ডুলকারকে মানসিকভাবে অত্যন্ত দুর্বল একজন খেলোয়াড় মনে হয়েছে তাঁর।ভারতীয় কোচ হিসেবে নিজের সময়কালের স্মৃতিচারণা করতে গিয়ে গ্রেগ চ্যাপেল বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর একদিন টেন্ডুলকার আমার কাছে এসে নিজের ফর্ম নিয়ে নানা ধরনের আক্ষেপ করতে থাকল। প্রায় দুই ঘণ্টা সে আমার সঙ্গে সেদিন কথা বলেছিল। এই সময়টা মনে হচ্ছিল, সে মানসিকভাবে দারুণ বিপর্যস্ত।’শচীন টেন্ডুলকার সম্পর্কে তাঁর মূল্যায়ন হচ্ছে, সে প্রচণ্ড চাপ নিয়ে খেলে। এত চাপ বোধকরি ডন ব্র্যাডম্যানকেও নিতে হয়নি। দল যখন ভ্রমণে থাকে, সে কানে ইয়ারফোন লাগিয়ে নিজেকে দলের আর সবার থেকে আলাদা করে রাখে। ১৯৮৯ থেকেই বেচারাকে এই চাপ বয়ে বেড়াতে হচ্ছে।গ্রেগ আরও লিখেছেন, ‘আমি শচীনকে বলেছিলাম, নিজের মাথা থেকে চাপ সরিয়ে ফেলার জন্য বেশি করে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে। তাদের সঙ্গে বেশি সময় কাটাতে। উত্তরে সে আমার চোখে চোখ রেখে বলে, গ্রেগ আমার মনে হয়, আমার চেয়ে ভারতে তোমার বন্ধুর সংখ্যা অনেক বেশি।’এদিকে সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনীতে শোয়েব আখতার লিখেছেন, টেন্ডুলকার নাকি মাঠে তাঁর বল খেলতে ভয় পেয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া।