শচীন রূপকথার প্রকাশনা উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শচীন রূপকথা’র প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা। ছবি: প্রথম আলো
‘শচীন রূপকথা’র প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা। ছবি: প্রথম আলো

শচীন টেন্ডুলকারের জীবনের গল্পটা কি সাজানো চিত্রনাট্য নয়? সত্যিকারের এক রূপকথা? সেই রূপকথা মলাটবন্দী করেছেন উত্পল শুভ্র। বইয়ের নাম ‘শচীন রূপকথা’।
শচীন রূপকথার প্রকাশনা উত্সব হয়ে গেল আজ, প্রকাশক প্রথমার কার্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, আতহার আলী খান, আকরাম খান, হাবিবুল বাশারের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। ছিলেন ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।
স্বাগত বক্তব্যে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘এখন আমাদের ক্রিকেট আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। আমাদের এখন অনেক আন্তর্জাতিক ক্রিকেটার আছে। বলতে গর্ব হয়, আমাদের একজন ক্রিকেট লেখক আছেন, যিনিও আন্তর্জাতিক মানের।’
জালাল আহমেদ চৌধুরী অবশ্য উত্পল শুভ্রকে ‘ক্রিকেট লেখক’ মানতে ‘নারাজ’, ‘শুভ্রর এই বইয়ে ক্রিকেট আছে, তবে তার চেয়ে বেশি আছে সাহিত্য। শুভ্রকে এখন আমি শুধু ক্রিকেট সাহিত্যিক বলি না। ও এখন পুরোপুরিই সাহিত্যিক। এই বই তারই প্রমাণ।’
বইটির নামকরণ সার্থক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই টেন্ডুলকারের পরিসংখ্যানটাই দেখে। কিন্তু এই পরিসংখ্যানের পেছনে যে কত শ্রম, অধ্যবসায়, সততা আর নিষ্ঠা আছে, সেটা আমাদের অনেকের চোখে পড়ে না। শুধু ক্রিকেট দিয়ে টেন্ডুলকারকে বোঝা যাবে না। তাঁর পুরো জীবনের গল্প মিলিয়েই এটি একটি রূপকথা। সেই রূপকথাই সার্থকভাবে ধরা পড়েছে শুভ্রর লেখায়।’
আতহার আলী খান বলেন, ‘এই বইটি আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য অবশ্যপাঠ্য হওয়া উচিত। শুধু খেলোয়াড় নয়, ব্যক্তিজীবনে আপনি যে কাজটাই করুন না কেন, সেই কাজের প্রতি প্যাশন থাকতে হয়। তবেই মেলে সাফল্য। টেন্ডুলকারকে উদাহরণ মেনেও যেকোনো পেশার যে কেউ নিজ নিজ কর্মক্ষেত্রে সফল হতে পারে, যদি সেই একই প্যাশন তার মধ্যেও থাকে। এ কারণেই বইটি সবার জন্যই অবশ্যপাঠ্য।’
শুনলে মনে হতে পারে, আর দশটা প্রকাশনা অনুষ্ঠানের মতো গুরুগম্ভীর আলোচনাই বুঝি হয়েছে। আসলে অনুষ্ঠানের চিত্রটা ছিল একদমই অন্য রকম। আনিসুল হকের উপস্থাপনায় ঘরোয়া আড্ডার মেজাজে চলেছে অনুষ্ঠান। ক্ষণে ক্ষণেই ছিল হাসির হুল্লোড়। সাবেক ক্রিকেটাররা যেমন এই ফাঁকে করে নিলেন টেন্ডুলকারকে নিয়ে তাঁদের স্মৃতিচারণা। উঠে এল বাংলাদেশের ক্রিকেটে নিজের জায়গা থেকে উত্পল শুভ্রর রেখে যাওয়া অবদানের কথাও।
আকরাম যেমন বললেন, ‘মনে আছে আশির দশকে যখন ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করতাম, নিজে ছবিগুলো পত্রিকা অফিসে দিয়ে আসতে হতো। উত্পল শুভ্রসহ আরও কয়েকজন মাঠে গিয়ে ক্রিকেট কাভার করার চল শুরু করেছিলেন।’ ফারুক এর সঙ্গে যোগ করলেন, ‘ভালো খেলার পাশাপাশি ক্রিকেট নিয়ে আমাদের দেশের সুসাংবাদিকতাও খেলাটি মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল।’
শুভ্র তাঁর বক্তব্যে স্মৃতিচারণা করেন প্রয়াত সহকর্মী, বন্ধু আল মুসাব্বির সাদীর কথা। বইটি লিখতে গিয়ে ক্যানসার-আক্রান্ত হয়ে অকালে মারা যাওয়া এই বন্ধুর কথা ভেবে শুভ্র অনেকবার কেঁদেছেন। টেন্ডুলকারের ভীষণ ভক্ত সাদী বেঁচে থাকলে আজ সবচেয়ে খুশি হতেন। বইটি তাই তাঁকেই উত্সর্গ করেছেন শুভ্র।
বইটি বইমেলায় প্রথমা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।