আইপিএল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’। ভারতে ক্রিকেটের পথে হাঁটছে ফুটবলও। ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ফুটবল লিগ চালু করার সিদ্ধান্তটি অবশ্য পুরোনো। কাল নিশ্চিত হয়েছে কারা হচ্ছেন এই আট ফ্র্যাঞ্চাইজির মালিক। তাতে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের মতো সাবেক ক্রিকেটাররা যেমন আছেন, আছে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বিখ্যাত ক্লাবও। সঙ্গে সালমান খান, রণবীর কাপুররা এসে মিলছেন বলে শুরুর আগেই তারায় তারায় উজ্জ্বল হয়ে উঠছে ফুটবলের আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ।
টেন্ডুলকার পেয়েছেন কোচির মালিকানা। সঙ্গে আছে নির্মাণপ্রতিষ্ঠান পিভিপি ভেঞ্চারস। হঠাৎ করে টেন্ডুলকার ফুটবলে আগ্রহী হলেন কেন? গত নভেম্বরে অবসর নেওয়া গ্রেটের উত্তর, ‘আমি মনেপ্রাণে একজন ক্রীড়াবিদ আছি ও থাকব। দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে আমি ভালো একটা ভূমিকা রাখতে আগ্রহী। ইন্ডিয়ান সুপার লিগ তরুণ প্রজন্মের শেখার ও তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে অসাধারণ খেলোয়াড় হয়ে ওঠার দারুণ একটা সুযোগ করে দিচ্ছে। কোচি ক্লাবের সঙ্গে চেষ্টা করব আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে ও সারা দেশে ফুটবলের উন্নতিতে অবদান রাখতে।’
কলকাতার দলের মালিক যে সৌরভ হতে পারেন, সেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আগেই। সৌরভও অবশ্য একা নন, গাঁটছড়া বেঁধেছেন তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। মাদ্রিদের ক্লাবের মালিক মিগুয়েল আনহেল গিল মারিন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি আইএসএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি কিনতে পেরে দারুণ আনন্দিত। সেই সঙ্গে প্রথম আন্তর্জাতিক দল হিসেবে সরাসরি ভারতের কোনো ক্লাব কিনতে যাচ্ছি। ভারতের অংশীদার আইজিএম-রিলায়েন্সের সঙ্গে আমাদের লক্ষ্য দেশটির ফুটবলে বিপ্লব ঘটানো।’
আছেন বলিউড তারকারাও। মুম্বাইয়ের যৌথ মালিকানা পেয়েছেন সালমান। রণবীর কাপুর ও জন আব্রাহাম জড়িত আছেন পুনে ও গুয়াহাটির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে।
আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি এই ফুটবল আসর শুরু হয়ে শেষ হওয়ার কথা নভেম্বরে। আয়োজন করছে যৌথভাবে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ, রুপার্ট মারডকের স্টার ইন্ডিয়া ও ক্রীড়া ব্যবস্থাপনা গ্রুপ আইএমজি।
শোনা যাচ্ছে, এরই মধ্যেই টুর্নামেন্টের টিভিস্বত্ব বিক্রি হয়ে গেছে ২০০ কোটি টাকায়। খেলার সম্ভাবনা আছে ডেভিড বেকহাম, হার্নান ক্রেসপো ও রোনালদিনহোর মতো ফুটবলারদের। ওয়েবসাইট।