শচীনই সেরা, বললেন লারা!
একটা সময় ছিল যখন বিশ্বের সেরা ব্যাটসম্যান কে—এই প্রশ্নে শচীন টেন্ডুলকারের সঙ্গে দারুণ একটা লড়াই ছিল ব্রায়ান লারার। ক্রিকেট বিশ্ব বিভক্ত ছিল দুই সেরা ব্যাটসম্যানের পেছনে। কারও ‘সেরা’ ছিলেন টেন্ডুলকার, কারও বা লারা। সময়ের স্রোতে এ লড়াই থেকে দূরে সরে গেছেন ব্রায়ান লারা। ক্রিকেট ছাড়ার তিন বছর পর লারা যোগ দিয়েছেন ‘শচীন টেন্ডুলকার ফ্যান ক্লাবে’। এই ক্লাবের সভ্য হয়ে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বিশ্বের সেরা ব্যাটসম্যান আর কেউ নন—শচীন টেন্ডুলকার।ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার প্রাক্কালে একটি নৈশভোজ ও আলোচনা সভায় যোগ দিয়ে লারা এমনই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘শচীন টেস্ট খেলা শুরু করেছেন ১৬ বছর বয়সে, তাঁর বয়স এখন ৩৮, এত দিন পরেও শচীনের চেয়ে ভালো কোনো ক্রিকেটার বিশ্বে জন্মায়নি। কোনো সন্দেহ নেই, শচীন টেন্ডুলকারই বিশ্বের সেরা ব্যাটসম্যান।’ব্রায়ান লারা সঙ্গে এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টও। তিনিও মেনে নিয়েছেন শচীন টেন্ডুলকারের শ্রেষ্ঠত্ব। তিনি বলেছেন, ‘শচীন টেন্ডুলকার আধুনিক যুগের “ব্র্যাডম্যান”।’শচীনকে শ্রেষ্ঠ ব্যাটসম্যান বলার পর ব্রায়ান লারা জানিয়ে দিয়েছেন, তাঁর সম্পর্কে নিজের দারুণ একটি অভিপ্রায়। ব্রায়ান লারা মনে-প্রাণেই অপেক্ষা করে রয়েছেন ‘লর্ডসের মাঠেই শচীন তাঁর শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটি করে ফেলবেন’।আলোচনায় যোগ দিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। তিনি কোনো রাখ-ঢাক না রেখেই বলেছেন, ‘ভারতের জনগণ অনেক দেব-দেবীর অর্চনা করে। সন্দেহ নেই শচীনও আমাদের আরেকজন দেবতা।’অন্যের জন্য শ্রদ্ধা থাকলে নিজের ওপরও তার কিছুটা ফিরে আসে। এই আপ্তবাক্য পুরোপুরি খেটেছে রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে। এ আলোচনা অনুষ্ঠানেই লারার কাছ থেকে দ্রাবিড়ের মিলেছে অনন্য এক স্বীকৃতি। তিনি বলেছেন, ‘যদি শচীন ক্রিকেটের বিশেষ কিছু হয়, তাহলে দ্রাবিড়কে আমরা “দেওয়াল” অভিধায় অভিহিত করতে পারি।’ ওয়েবসাইট।