শচীনকে এ মুহূর্তে বেশি দরকার: দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ এখন পর্যন্ত ১-১-এ সমতায়। এ অবস্থায় শচীন টেন্ডুলকারকেই ভারতীয় দলের সবচেয়ে বেশি দরকার বলে মনে করেন সাবেক তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এ মুহূর্তে শচীনকে বেশি দরকার ভারতীয় দলের। সিনিয়র ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোটা এখন গুরুত্বপূর্ণ। এ কাজ অন্য কেউ শচীনের চেয়ে ভালো করতে পারে না।’ বলেছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। শচীনের সাম্প্রতিক ফর্ম তাঁর হয়ে কথা বলছে না। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক টেস্ট ক্রিকেটে সর্বশেষ তিন অঙ্কের ঘরে প্রবেশ করেছিলেন গত বছরের জানুয়ারি মাসে। শেষ ১০ ইনিংসে শচীনের সংগ্রহ মাত্র ১৫৩ রান! এ সময়ের মধ্যে ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স এটি। সর্বশেষ ছয় ইনিংসের চারটিতেই বোল্ড হয়েছেন শচীন।সার্বিক অবস্থায় শচীনের অবসর নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। কেউ বলছেন, নির্বাচকদের উচিত লিটল মাস্টারের সঙ্গে কথা বলা। কেউ আবার বলছেন, অবসরের সিদ্ধান্তটা শচীনের ওপরই ছেড়ে দেওয়া উচিত। রাহুল দ্রাবিড় জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শচীনের ব্যাটে রান না এলেও এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বরং তাঁর ব্যাটিংয়ে ভালো কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন তিনি। শচীনের সঙ্গে খেলার অভিজ্ঞতার উদাহরণ টেনে দ্রাবিড় বলেন, ‘ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর কথাটা হয়তো অদ্ভুত শোনাবে, তবে শচীনের ব্যাটিংয়ে ভালো কিছুর লক্ষণ দেখতে পাচ্ছি আমি। ও বেশ কিছু স্ট্রেইট ড্রাইভ খেলেছে। এমন কিছু শট খেলেছে যা আমি ওর সঙ্গে খেলার সময় দেখেছি। ওই শটগুলো ইঙ্গিত দেয়, শচীন ভালো করবে।’