শচীনকে নিয়ে ২০০ কোটি রুপি বাজি
ক্রিকেট ইতিহাসের ২০০০তম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ঐতিহাসিক এই টেস্টটা লর্ডসের মাটিতে হচ্ছে বলে এর গুরুত্বও বেড়ে গেছে অনেক গুণে। কিন্তু এসব কিছু ছাপিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শচীন টেন্ডুলকার। এই টেস্টেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শততম শতরান করতে পারেন কি না, তা দেখার জন্যই উন্মুখ হয়ে আছে টেন্ডুলকারের ভক্তরা। লিটল মাস্টারের ব্যাটের দিকে তাকিয়ে সক্রিয় হয়ে উঠেছে ভারতের বাজিকরেরাও। টেন্ডুলকার এই লর্ডস টেস্টেই তাঁর শততম সেঞ্চুরিটি করতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই ২০০ কোটি রুপির বেশি বাজি ধরেছে বাজিকরেরা।এ বছরেই বিশ্বকাপ ও আইপিএল চলার সময় বাজিকরদের কার্যক্রম অনেকখানি দমিয়ে রেখেছিল ভারতীয় পুলিশ। বিশ্বকাপের সময় ৪০ জনকে গ্রেপ্তারও করেছিল দিল্লি পুলিশ। এরপর দীর্ঘদিন পর আবারও সক্রিয় হয়ে উঠেছে ভারতের এই বাজিকর গোষ্ঠী। এখন গাজিয়াবাদ ও হরিদ্বার থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে একটি প্রতিবেদনে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। জনৈক বাজিকর এ পত্রিকাকে বলেছেন, ‘শচীন সেঞ্চুরি করতে পারবেন, এর ওপরে ইতিমধ্যেই পুরো দেশ থেকে ২০০ কোটি রুপিরও বেশি বাজি ধরা হয়েছে। ভারত পরে ব্যাট করবে বলে এখনো অনেকে বাজি ধরার সুযোগ পাচ্ছে। শচীনের এই সেঞ্চুরির বাজির দর ধরা হয়েছে ৯/৪। তার মানে টেন্ডুলকার সেঞ্চুরি করতে পারবে, এর ওপর ৪০ রুপি বাজি ধরলে বিনিময়ে ৯০ রুপি ফেরত দেবে বাজিকরেরা। এখন শুধু বৃষ্টি যেন লর্ডস টেস্টটা পণ্ড করে না দেয়, সেই প্রার্থনাই করছে তারা।’ ওই বাজিকর আরও বলেছে, ‘এটা একটা ঐতিহাসিক টেস্ট। এটাই শচীনের শততম সেঞ্চুরিটা করার আদর্শ সময়। এখন বৃষ্টি যেন খেলাটা পণ্ড করে না দেয়।’