শচীনকে প্রজন্মের সেরা বললেন গুচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহাম গুচ আর শচীন টেন্ডুলকারের মধ্যে অনেক মিল। শচীনের মতো গুচও প্রায় দুই যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছিলেন। দু’জনই তাঁদের দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। দুজনই বয়সের বাধাকে অতিক্রম করে রান করে গেছেন অবিরাম। তবে গত দেড় বছর ধরে শচীন টেন্ডুলকারের সময়টা একটু অন্যরকম যাচ্ছে। প্রত্যাশানুযায়ী রান পাচ্ছেন না এই ব্যাটিং কিংবদন্তি। প্রতিটি ম্যাচেই খেলতে নামার আগে সকলের শ্যেন দৃষ্টি থাকছে তাঁর ৩৯ বছর বয়সটার দিকে। ইতিমধ্যে তো তাঁর খেলা ছাড়ার সংবাদটি শোনার জন্যও অনেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। এমন সময়ের মধ্য দিয়ে নিজের খেলোয়াড়ী জীবনেও গেছেন গ্রাহাম গুচ। তিনি জানেন, কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই ‘ক্রিকেট মায়েস্ট্রো।’ তিনি অনুভব করতে পারছেন শচীনের কষ্টটা। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার খুব তাড়াতাড়িই নিজেকে আবারও ফিরে পাবেন। রান করা শুরু করবেন আগের মতোই।গ্রাহাম গুচ এই মুহূর্তে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন খেলোয়াড়ের রিফ্লেক্স কমে যেতে শুরু করে। তবে এই সময় একজন খেলোয়াড় সাফল্য পাওয়ার জন্য নিজের উদ্ভাবিত পদ্ধতির অনুসরণ করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন ব্যাটসম্যানের রান করার ক্ষমতাও বাড়তে থাকে।গুচ বলেন, ‘শচীন টেন্ডুলকারের বয়স এখন ৩৯। সন্দেহ নেই যে তিনি তাঁর সেরা সময়টা পার করে এসেছেন। তবে আমি নিশ্চিত যে এই সময় তিনি রানে ফেরার জন্য নিজস্ব পদ্ধতি খুঁজে পাবেন।’গুচ টেন্ডুলকারকে নিজের প্রজন্মের সেরা খেলোয়াড় হিসেবেই মনে করেন। তিনি বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের উত্থান-পতন আছে। তবে শচীনের ক্যারিয়ারে পতনের চেয়ে উত্থানের পরিমাণই বেশি। যদিও তিনি এই মুহূর্তে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু কলকাতা টেস্টের প্রথম ইনিংসে তাঁর ইনিংসটি ছিল চোখে পড়ার মতো। ইংল্যান্ড ড্রেসিং রুমে প্রতিটি খেলোয়াড়েরই শচীন টেন্ডুলকারের প্রতি অসম্ভব শ্রদ্ধা রয়েছে।’শচীন টেন্ডুলকার যেভাবে তাঁর ক্যারিয়ারকে সাজিয়েছেন সেটাকে অনুকরণীয় বলে অভিহিত করে গ্রাহাম গুচ বলেন, তিনি গোটা বিশ্বেই ক্রিকেটের একজন অন্যতম সেরা দূত হিসেবে সম্মানিত।আহমেদাবাদ টেস্টে বড় হারের পরেও ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করে গ্রাহাম গুচ বলেন, ‘ওই হারের পর গোটা দলের মানসিকতা ছিল খুবই ইতিবাচক। ওটাই দলকে উজ্জীবিত রেখে পরবর্তীতে সাফল্য পেতে সহায়তা করেছে।’গুচের মতে, ‘প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামে। কখনোই কোনো দল হারের প্রত্যাশায় মাঠে নামে না। ইংল্যান্ডের খেলোয়াড়েরাও ঠিক তেমনি ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে গেছে এবং সর্বশেষ দুটো টেস্টে দারুণ জয় পেয়েছে। তবে আমি মনে করি, ওই মুম্বাই ও কলকাতার সাফল্য এখন অতীত। আমাদের সামনে নাগপুরে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে।’এবারের ভারত সফরে ইংল্যান্ডের প্রস্তুতিটা দারুণ ছিল বলে অভিহিত করেন গ্রাহাম গুচ। তাঁর মতে, ভালো প্রস্তুতির কারণে ভারত সফরের কঠিন কন্ডিশনেও দল নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারছে।ভারত সফরের আগে দুবাইয়ে প্রস্তুতি শিবির ও মুম্বাইয়ে দুই সপ্তাহের অনুশীলনে দলের স্পিন-সংক্রান্ত দুর্বলতা নিয়ে অনেক কাজ হয়েছে বলে জানান গুচ। তিনি বলেন, ‘এই ক্যাম্পে খেলোয়াড়েরা স্পিনে নিজেদের দুর্বলতা নিয়ে প্রচণ্ড পরিশ্রম করেছে। ওই পরিশ্রম কতটা কাজে লেগেছে সেটাতো মুম্বাই ও কলকাতাতেই সকলের চোখে পড়েছে।’ পিটিআই।