শচীনকে ফিরিয়ে উচ্ছ্বসিত রামপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে শততম আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ঠেকিয়ে দিয়েছেন রবি রামপাল। আর তাতেই এবারের ভারত সফরের সবচেয়ে বড় পুরস্কারটি বোধ হয় তিনি পেয়েই গেছেন।‘অসাধারণ এক অনুভূতি। গতকাল সকালেই কোচ আমাকে বলেছিলেন যে আমি শচীনকে কীভাবে বল করব। তিনি বলেছিলেন অফস্ট্যাম্প ঘেঁষে বল করতে, বলকে একটু অ্যাঙ্গেলে ঠেলে দিতে। খেলার সময় দেখলাম, শচীন বলের লেংথ ছোট করার জন্য ক্রিজের বাইরে দাঁড়িয়ে ব্যাট করছেন। আমি কোচের কথা মতোই একটা ডেলিভারি দিলাম। কপাল গুণে ওই বলটা ভালোই বাউন্স করেছিল।’ উচ্ছ্বসিত রামপাল বর্ণনা দিলেন সেই দুর্দান্ত মুহূর্তটির।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল ভক্তদের হূদয় ভেঙে দিয়েছেন এই রামপাল যাঁর আদি বংশধরেরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসত গড়েছেন কলকাতা থেকে গিয়ে। টেন্ডুলকারকে আউট করে বাউন্ডারি সীমায় ফিল্ডিং করতে গিয়েই লক্ষ্য করলেন দর্শকেরা দারুণ অভিমান করে আছে তাঁর ওপর। ব্যাপারটি উপভোগই করেছেন তিনি। বলেছেন, ‘এটাই জীবন। আমি জানি কাল দর্শকেরা শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিটি দেখার জন্যই মাঠে এসেছিলেন। দুঃখ প্রকাশ ছাড়া তাদের আমার আর কিছুই বলার নেই।’ভারতকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাপারটি ক্রীড়াসুলভ দৃষ্টিতেই দেখতে চান রামপাল। তাঁর মতে, খুব তাড়াতাড়ি লক্ষণ, টেন্ডুলকার ও ধোনিকে ফিরিয়ে দেওয়ার পর বিরাট কোহলি ও অশ্বিন দারুণ ব্যাট করেছেন। মাঠে এসে উইকেট দেখে সে অনুযায়ীই ব্যাট চালিয়েছেন তাঁরা। তিন সেরা ব্যাটসম্যানকে আউট করে দেওয়ার পর ক্যারিবীয়রা একটু আয়েশি ঢংয়ে বল করেছে-এই অভিযোগ মেনে নিতে নারাজ এই ফাস্ট মিডিয়াম বোলার। ওয়েবসাইট।