শচীনকে শুভেচ্ছা গিলক্রিস্টের
২৪ এপ্রিল ৪০-এ পা দেবেন শচীন টেন্ডুলকার। লিটল মাস্টারকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন অসি গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট।গিলক্রিস্ট বর্তমানে খেলছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। গতকাল রোববার রাতে পুনে ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারায় তাঁর দল। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে উঠে আসে শচীনের জন্মদিন প্রসঙ্গটা।গিলক্রিস্ট বলেন, ‘শচীন একজন কিংবদন্তি। ওর সম্পর্কে এ ছাড়া আর কী বলব আমি। শচীনের আগামী দিনগুলো আরও আনন্দময় হোক—এই কামনা করছি।’গিলির স্পষ্ট মনে আছে ১৯৯৮ সালে শারজায় অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচটির কথা। ওই ম্যাচে শচীন টেন্ডুলকারের ব্যাটের ধারে ফালা ফালা হয়েছিল পরাক্রমশালী অস্ট্রেলিয়া। দিনটি ছিল ২৪ এপ্রিল; শচীন টেন্ডুলকারের ২৫তম জন্মদিন। গিলক্রিস্ট বলেন, ‘১৯৯৮ সালে শারজায় অনুষ্ঠিত এক ম্যাচের কথা মনে পড়ছে। দুর্দান্ত সেঞ্চুরি করে শচীন একাই আমাদের হারিয়ে দিয়েছিল। শিরোপা হাতছাড়া হয়েছিল আমাদের।’শচীনের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। পুনে ওয়ারিয়র্সের এই অধিনায়ক বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে শচীন যে পরিমাণ রান করেছে, তা অবিশ্বাস্য। কতটা প্রত্যাশার চাপ নিয়ে তাকে ব্যাট নিয়ে নামতে হয়, এটা ভারতীয়দের বাইরে সম্ভবত খুব কম লোকই বুঝতে পারে।’ সূত্র: পিটিআই।