শচীনকে সম্মাননা দেওয়ার বিরোধিতায় হেইডেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব দেওয়ার ঘোষণায় বিতর্ক বেড়েই চলেছে। অস্ট্রেলিয়ার সাংসদ রব ওয়াকশট এই সম্মাননার বিরোধিতা করেছিলেন। রাজনীতির অঙ্গনের পর এবার বিরোধিতা এল ক্রিকেটাঙ্গন থেকেও।অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ম্যাথু হেইডেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শচীনকে এমন সম্মাননা দেওয়া ঠিক হচ্ছে না। তাঁর দাবি, এই সম্মাননা বিদেশি কেউ নয়, শুধু অস্ট্রেলীয়দেরই প্রাপ্য।‘শচীন যদি অস্ট্রেলিয়ায় বসবাস করত, প্রধানমন্ত্রী তাকে এই সম্মাননা দিতে পারতেন। বাস্তবতা হলো, ও ভারতে থাকে। আমি মনে করি, এই সম্মাননা শুধু অস্ট্রেলীয়দেরই প্রাপ্য।’ একটি রেডিওকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন হেইডেন।‘বিশেষ ক্রিকেটার’ হিসেবে ‘বিশেষ এই সম্মাননা’ শচীনের পাওনা জানিয়ে গত মঙ্গলবার নয়াদিল্লিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে দারুণ এক মেলবন্ধ। দুটি দেশই ক্রিকেট-পাগল জাতি। আমি আনন্দিত যে আমরা শচীন টেন্ডুলকারকে অর্ডার অব অস্ট্রেলিয়ার সদস্যপদ দিতে যাচ্ছি।’সম্মাননাটির বিশেষত্ব বোঝাতে গিয়ে গিলার্ড বলেন, এটা বিশেষ এক সম্মাননা। অস্ট্রেলিয়ার নাগরিক কিংবা জাতিগতভাবে অস্ট্রেলিয়ানদের বাইরে খুব কম লোককেই এটা দেওয়া হয়।এর এক দিন পরই অস্ট্রেলিয়ার সাংসদ রব ওয়াকশট শচীনকে সম্মাননা দেওয়ার বিরোধিতা করে বলেন, ‘আমি শচীন টেন্ডুলকারকে ভালোবাসি। আমি ক্রিকেট ভালোবাসি। কিন্তু কূটনৈতিক কারণে কাউকে এ ধরনের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আমার আপত্তি আছে। এটার সঙ্গে অস্ট্রেলীয়দের মান-সম্মান জড়িত।’ওয়াকশট জানান, দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন, অস্ট্রেলিয়ার এমন কাউকে বিশেষ এই সম্মাননা দেওয়া উচিত। শচীনকে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব নয়, বরং ‘অস্ট্রেলিয়া-ভারত পুরস্কার’ দেওয়া যেতে পারে।ভারতীয়দের মধ্যে শচীন এই প্রথম সম্মাননাটি পেতে যাচ্ছেন, এমনটা নয়। এর আগে এই সম্মাননা পেয়েছেন দেশটির সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি।ক্রিকেটারদের মধ্যে সর্বশেষ এই সম্মাননা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। অস্ট্রেলিয়া-ক্যারিবিয়ানের মধ্যে সম্পর্কের উন্নয়ন, সুনাম, বন্ধুত্ব—সর্বোপরি ক্রীড়াসুলভ মানসিকতার জন্য কাজ করায় ২০০৯ সালে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। ২০০৩ সালে একই সম্মাননা পান আরেক ক্যারিবীয় কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডকে ১৯৮৫ সালে অর্ডার অব অস্ট্রেলিয়ার সদস্যপদের চেয়েও বড় সম্মান ‘অফিসার অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ দেওয়া হয়। সূত্র: পিটিআই।