শচীনকে সরিয়ে ফের শীর্ষে সাঙ্গাকারা
২০০২ সালের পর গত মাসের মাঝামাঝি প্রথমবারের মতো আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন শচীন টেন্ডুলকার। এ কৃতিত্ব অর্জন করতে গিয়ে ভারতের এই লিটল মাস্টার সরিয়েছিলেন কুমার সাঙ্গাকারাকে। তবে এবার যেন সেই প্রতিশোধটাই নেওয়া হলো সাঙ্গাকারার। শচীন টেন্ডুলকারকে সরিয়ে সেই শীর্ষস্থানটা আবারও দখলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দুই টেস্টে ২২৮ রান করায় শচীনের ওপরে উঠে গেছেন সাঙ্গাকারা। লঙ্কান অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৮২। তাঁর চেয়ে ২৩ পয়েন্ট কম শচীনের। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে বীরেন্দর শেবাগ ও জ্যাক ক্যালিস। প্রথমবারের মতো সেরা দশের তালিকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের জোনাথন ট্রট। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুটি স্থান দখলে রেখেছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন ও ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান। তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতের পেসার জহির খান। —ক্রিকইনফো