শচীনকে সরে দাঁড়াতে বললেন ইমরান
দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষেও অবসর নেওয়ার প্রশ্নটা বরাবর এড়িয়ে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। তাঁর সমসাময়িক সব ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও সে পথে হাঁটছেন না লিটল মাস্টার। সবর্কালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান কবে অবসর নেবেন, সে বিতর্কটা ক্রিকেট অঙ্গনে চলছে বেশ কিছুদিন ধরে। এবার এই বিতর্কে অংশ নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। ক্যারিয়ারের উচ্চতম পর্যায়ে থাকার সময়ই টেন্ডুলকারের সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তান দলের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চটাকে হয়তো বিবেচনা করা যেতে পারে টেন্ডুলকারের ক্যারিয়ারের সর্বোচ্চ উচ্চতা হিসেবে। কিন্তু ওই সময় টেন্ডুলকারের সামনে ছিল শততম শতকের হাতছানি। হয়তো এ কারণেই ওই সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি ভারতের এই ব্যাটিং আইকন। দীর্ঘ ১২ মাসের প্রতীক্ষা শেষে এ বছরের মার্চে সেই বিস্ময়কর মাইলফলকটিও স্পর্শ করে ফেলেছেন টেন্ডুলকার। কিন্তু তার পরও অবসরের প্রসঙ্গটি সযত্নে এড়িয়ে যাচ্ছেন তিনি। বলছেন, যত দিন উপভোগ করবেন, তত দিনই ক্রিকেটটা খেলে যাবেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা তিনটি ম্যাচে বোল্ড হয়ে সাজঘরে ফেরার পর তাঁর ব্যাটিং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সুনীল গাভাস্কারও। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের অভিমত, ফর্মে থাকতে থাকতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা উচিত টেন্ডুলকারের। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘শচীন একজন অসাধারণ খেলোয়াড়। আমি যদি তাঁর জায়গায় থাকতাম, তাহলে ক্যারিয়ারের শ্রেষ্ঠতম সময়ে ক্রিকেটকে বিদায় জানাতাম। তাঁর মতো একজন ক্রিকেটারের নির্বাচকদের দিকে তাকিয়ে থাকাটা একেবারেই উচিত না।’নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে সত্যি এমনটাই করেছিলেন ইমরান খান। ১৯৯২ সালে পাকিস্তানকে বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপাটি জিতিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে ভারতের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের উদাহরণও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। বলেছেন, ‘আমি এ কারণেই সুনীল গাভাস্কারকে শ্রদ্ধা করি। তাঁর মতো রক্ষণাত্মক কৌশলের ব্যাটসম্যান আমি আর দেখিনি। এ কৌশলটাকে কাজে লাগিয়ে তিনি আরও খেলে যেতে পারতেন। কিন্তু সুনীল ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।’ ইএসপিএন