শচীনকেই সিদ্ধান্ত নিতে দিন: কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৯। ক্রিকেটকে বিদায় জানানোর জন্য বয়সটা যথেষ্টই। কবে অবসর নেবেন শচীন টেন্ডুলকার? প্রশ্নটা নিয়ে বিতর্ক অবশ্য কিছুদিন ধরে থেমে আছে। তবে লিটল মাস্টার ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’র সদস্যপদ পাওয়ার এক দিন পর ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব জানিয়েছেন, অবসরের সিদ্ধান্তটা শচীনের ওপরই ছেড়ে দেওয়া উচিত।‘সিদ্ধান্তটা শচীনকেই নিতে দিন। ওর মতো গ্রেট খেলোয়াড় বেশ ভালো করেই জানে, কখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো উচিত। এ নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই।’ আজ বুধবার ভারতের আগ্রায় শচীনের অবসরসংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন কপিল।ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, লোকে গ্রেট খেলোয়াড়দের স্মৃতি বছরের পর বছর মনে রাখে। যেমন, অসাধারণ অর্জনের জন্য সুনীল গাভাস্কারকে এখনো স্মরণ করা হয়।সর্বশেষ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শচীনের অবসর নেওয়ার দাবিটা জোরালো হয়। ওই সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। উপরন্তু, পর পর তিন ইনিংসে বোল্ড হয়ে তৈরি করেন বিব্রতকর পরিস্থিতি। সুনীল গাভাস্কার পর্যন্ত এরপর শচীনের বয়স ও রিফ্লেক্স নিয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন। শচীনের বোল্ড হওয়ার বলগুলো রিপ্লেতে স্পষ্ট হয়ে উঠেছিল যে, বলের সঙ্গে ঠিকমতো পা ফেলতে পারেননি তিনি। তাঁর ব্যাট ও প্যাডের মধ্যে ছিল যথেষ্ট ফাঁক। সুনীল গাভাস্কারের মন্তব্য ছিল অনেকটা এমন—শচীনের খেলায় বয়সের ছাপ পড়েছে। ব্যাট ও প্যাডের মধ্যে যথেষ্ট ফাঁক ছিল। গ্রেট ব্যাটসম্যানের জন্য এটা ভালো লক্ষণ নয়।শচীন অবশ্য বেশিদিন খেলা চালিয়ে যাবেন বলে মনে হয় না। সম্প্রতি ভারতীয় ইংরেজি সংবাদ চ্যানেল টাইমস নাউকে দেওয়া সাক্ষাত্কারে এমনই ইঙ্গিত দেন তিনি। ওই সাক্ষাত্কারে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক জানিয়েছিলেন, নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। সূত্র: পিটিআই।