শুনেছি, শচীন রমেশ টেন্ডুলকারের প্রয়াত পিতা হিন্দি ভাষার একজন কবি ছিলেন। আমি জানি, শুনেছি বলাটা ভালো হলো না। কেমন কবির পুত্র শচীন, সে সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমার নিজেরই উচিত ছিল ওই কবির কিছু কবিতা পড়ে দেখার উদ্যোগ গ্রহণ করা। সে রকম ইচ্ছে আমার মনের ভেতরে থাকলেও আজ পর্যন্ত ব্যাটে-বলে হয়ে ওঠেনি। অচিরেই আমি এ ব্যাপারে তথ্য পাওয়ার জন্য আন্তর্জালের (ইন্টারনেট) সাহায্য গ্রহণ করব। তার আগে কেউ যদি আমাকে এ ব্যাপারে সাহায্য করেন, আমি খুশি হব। তাতে আমার কিছু সময় বাঁচে।শচীনকে বোঝার জন্যই, এই বিস্ময় বালকের (ক্রিকেট-জীবনের শুরুতে শচীনকে ‘বিস্ময় বালক’ই বলা হতো) বংশধারা সম্পর্কে আমি কিছু ধারণা পেতে চাইছি। আজ থেকে বছর বিশ-বাইশ আগে, ক্রিকেট-জীবনের শুরুতে শচীন যখন প্রথমবারের মতো ঢাকায় এশিয়া কাপ খেলতে এসেছিল, আমি স্টেডিয়ামের (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) গ্যালারিতে বসে ওর খেলা দেখেছিলাম। আমার পাশে বসে অভিনেতা-কবি পীযূষ বন্দ্যোপাধ্যায় আমাকে শচীন সম্পর্কে কিছু পূর্বধারণা দিয়েছিল। শচীন সম্পর্কে ওয়ান্ডার বয় বা বিস্ময় বালক কথাটা আমি পীযূষের কাছেই প্রথম শুনি। সেবার সে খুব ভালো খেলতে পারেনি। ঢাকার মাঠে এক দিনেই দু-দুবার রানআউট হয়েছিল শচীন। প্রথমবার শচীন রানআউট হয় নিজের হয়ে, দ্বিতীয়বার রানার হিসেবে খেলতে নেমে সে আবারও রানআউট হয়। পরে অবশ্য এই ঢাকার মাঠেই সে তার জীবনের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডটি (২৪৮ নট আউট) করে।চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে আবারও রানআউট হয়ে শচীন যেন ঢাকার মাঠে তার রানআউটের ধারাবাহিকতাই বজায় রেখেছে।ভাবতে অবাক লাগে, ৫০ ওভারের ওডিআই খেলায় ২০০ নট আউট রানের রেকর্ড যার রয়েছে, টেস্ট ক্রিকেটে তার একটিও ত্রিশতক নেই। অবশ্য শচীন তা করুক, তা আমি আর চাইও না। সর্বোচ্চ টেস্ট রানের অর্জনস্থল হিসেবে ঢাকার নামটিই শচীনের জীবনের সঙ্গে চিরদিনের জন্য যুক্ত হয়ে থাকুক, এটাই কামনা করি। শুনেছি, শচীনের বড় ভাইটিও নাকি একজন কবি। মর জ্বালা। বাঘের ঘরে ঘোগের বাসা। কবির ঘরে ক্রিকেটার? কবিত্বের সঙ্গে ক্রিকেটত্বের কোথাও যেন একটা মিল আছে বলে আমি যে ধারণা ব্যক্ত করেছিলাম, বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার শচীনের জীবনকাব্য যেন আমার সেই ধারণাকেই সমর্থন করে চলেছে। শচীনের পিতা, আমার ধারণা কবি হলেও, আমার মতোই ক্রিকেটপাগল মানুষই ছিলেন। তাই কি?গতকাল (২৭ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর মাঠে ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে জম্পেশ ‘টাই’ ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল, সেই খেলার মধ্যে সৃষ্ট নাটকীয়তাকে বিবেচনায় না নিয়ে আমি কবিপুত্র শচীনের বন্দনা করছি বলে পাঠক কিছু মনে করবেন না। অস্বীকার করব না, আমি নিজে কবি বলেই হয়তো শচীনকে স্বগোত্রভুক্ত করতে চাইছি। ওয়ানডেতে ৪৭তম এবং বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরিটি করে শচীন গতকাল সবাইকে মনে করিয়ে দিল যে তার ক্রিকেট খেলার ঘোরটা এখনো ফুরিয়ে যায়নি। অচিরেই আরও কিছু অনতিক্রম্য বিশ্ব রেকর্ড সে তার ব্যাটের দখলে নেবে।নরসিংদী২৮.০২.২০১১