শচীনের অবসর নিয়ে এবার মুখ খুললেন ভিভ রিচার্ডস
সাম্প্রতিক সময়ের পড়তি ফর্মের কারণে শচীন টেন্ডুলকার কবে অবসর নেবেন, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এ ব্যাপারে সংবাদমাধ্যম বা বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা সরব। তবে এ নিয়ে খুব মুখ খোলেন না শচীন। মাস্টার ব্লাস্টার এই ব্যাটসম্যান এবার পাশে পেলেন আরেক কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক স্যার ভিভ রিচার্ডসকে। তিনি শচীনকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্ব ক্রিকেটের এই গ্রেট ব্যাটসম্যান বলেছেন, শচীন টেন্ডুলকারই একমাত্র ব্যক্তি, যিনি তাঁর অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। পিটিআইয়ের খবরে আরও বলা হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে রান-খড়ায় ভুগতে থাকা ৩৯ বছর বয়সী টেন্ডুলকারের এ পর্যন্ত ছয় ইনিংসে গড় ১৮.৬৬। এর পর থেকেই তাঁর অবসরে যাওয়া নিয়ে চারদিকে শোরগোল পড়ে গেছে। সুনীল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেঙ্কসরকর, সৌরভ গাঙ্গুলীর মতো সাবেক ক্রিকেটাররা শচীনকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে অবসর পরিকল্পনার বিষয়ে আলোচনার পরামর্শ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই বিবিসি রেডিও শোপসায়ারকে দেওয়া সাক্ষাত্কারে ভিভ রিচার্ডস ওই মন্তব্য করেন। রিচার্ডস বলেন, ‘তাঁর (শচীনের) অবসর নেওয়া উচিত বলে যারা চিন্তা করছে, তাদের কেউই শচীনকে এমনটা বলার যথেষ্ট যোগ্যতা রাখে না।’ তিনি আরও বলেন, ‘আপনি যখন অবসর নিয়ে ফেলবেন, তখন আপনি সারা জীবনের জন্য অবসর নিলেন। এটা কতিপয় মৃত উপাধির মতো। সুতরাং, আপনি যখন বেঁচে আছেন ও এর মধ্যেই আছেন এবং যা করছেন তা উপভোগও করছেন, আমার কাছে এটাই সবকিছু।’১৯৯০ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ফেরার তিন বছর পর গ্ল্যামারগন ক্লাবকে সানডে লিগের শিরোপা জিতিয়ে অবসর নেন ভিভ। সেই সময়ের অবসরের স্মৃতি স্মরণ করে এই ব্যাটসম্যান বলেন, ‘আমি ভালো একটা কিছুর মধ্য দিয়ে অবসরে যেতে চেয়েছিলাম। ওই সময়ে গ্ল্যামারগনে খেলতে যাওয়া এবং সাফল্য পেয়ে বিদায় নেওয়ার জন্য সেটাই ছিল সঠিক সময়।’অবসরের কথা ভাবছেন বলে গত অক্টোবরে প্রথমবারের মতো স্বীকার করা টেন্ডুলকার বলেন, ‘সিরিজ বাই সিরিজ’ ভিত্তিতে তিনি তাঁর ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত নেবেন।সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক টেন্ডুলকার টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক। চলতি বছরের প্রথম দিকে ৩৯তম জন্মদিনের এক মাস আগে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মাইলফলক ছুঁয়ে প্রায় অলঙ্ঘনীয় কৃতিত্বও অর্জন করেন তিনি।