শচীনের দুই রানের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে এ রকম কষ্ট তাঁর জন্য নতুন নয়, শচীন টেন্ডুলকার কষ্টটা পেলেন মোহালি টেস্টেও। প্রথম ইনিংসে ভারতীয় দলের ৪০৫ রানে অলআউট হওয়ার দিনে দুই রানের দুঃখ নিয়ে মাঠ ছেড়েছেন ভারতের এই লিটল মাস্টার। এর আগে অস্ট্রেলিয়া ৪২৮ রান করায় প্রথম ইনিংসে ২৩ রানে এগিয়ে আছে সফরকারীরা।ইশান্ত শর্মাকে ব্যক্তিগত ১৮ রানে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার দারুণ শুরু এনে দিয়েছিলেন ডগ বলিঞ্জার। কিন্তু এর পরই প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন শচীন টেন্ডুলকার ও আগের দিন ২১ রানে অপরাজিত থাকা রাহুল দ্রাবিড়। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে অসি বোলারদের হতাশায় ডুবিয়েছেন এ দুজন। তবে হতাশা পেয়েছেন শচীন নিজেও। মাত্র দুই রানের জন্য যে হাতছাড়া হয়ে গেছে টেস্ট ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি!শচীন ৯৮ রানে নর্থের শিকারে পরিণত হওয়ার আগে দ্রাবিড় সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৭৭ রানে। কম যাননি সুরেশ রায়নাও। তিনি ১৪টি চারের সাহায্যে ৮৬ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন।৩৫৪ রানে ভারত হারায় পাঁচ উইকেট। এখান থেকে ৪০৫ রানে যেতেই অলআউট স্বাগতিকরা! প্রথম ইনিংসে ভারতীয় দল যখন বড় স্কোর গড়ার স্বপ্ন দেখছিল, তখনই আঘাত হানতে থাকেন জনসন। একে একে ধোনি, হরভজন ও রায়নাকে ফিরিয়ে দিয়ে ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামান পাঁচ উইকেট শিকারি এই পেসার।—ক্রিকইনফো