শচীনের দুর্বলতার খোঁজে ভন
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘শচীন টেন্ডুলকার বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে পারেন, কিন্তু তিনি একজন মানব সন্তান ছাড়া আর কিছুই নন।’ তাঁর মতে, ‘বোলাররা যদি ঠিকমতো শচীনের দুর্বলতা খুঁজে বের করে বল করতে পারে, তাহলে তাঁকে চাপে ফেলা সম্ভব। কারণ, মানুষ হিসেবে শচীন কোনো না কোনো সময় ভুল করবেনই।’২১ জুলাই থেকে শুরু হওয়া ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের আগ্রহের কেন্দ্রে রয়েছেন শচীন টেন্ডুলকার। অনেকেই মনে করেন, শচীন একাই ভারতকে সাফল্যের সঙ্গে দেখা করিয়ে দিতে সক্ষম। কেউ কেউ টেন্ডুলকারকে ইংল্যান্ডের পথের কাঁটা হিসেবেই অভিহিত করেছে। তবে মাইকেল ভনের ধারণাটা ভিন্ন। ডেইলি টেলিগ্রাফে লেখা এক বিশেষজ্ঞ কলামে তিনি লিখেছেন, ‘ইংলিশ দল টেন্ডুলকারকে আর দশজন খেলোয়াড় হিসেবেই মনে করে। এত কথা না বলে আসুন আমরা ম্যাচের জন্য অপেক্ষা করি। ক্রিকেটে একটি বলই অনেক কিছু পাল্টে দিতে পারে। মানব সন্তান হিসেবে শচীন টেন্ডুলকারও অনেক ভুল করেছেন, ভবিষ্যতেও করবেন। তাই এসব নিয়ে ভেবে লাভ নেই।’আর একটি সেঞ্চুরি হলেই শচীন টেন্ডুলকার একক ব্যাটসম্যান হিসেবে শততম আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হওয়ার দুর্লভ কৃতিত্বের অধিকারী হবেন। এ কৃতিত্ব ইংল্যান্ডের মাঠেই হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখছেন ভনও। তিনি বলেছেন, ‘২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ভারতের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হবেন শচীন টেন্ডুলকার।’ভন বলেছেন, ‘আমি শচীনকে ২১ বছর ধরে দেখছি। সবচেয়ে মজার ব্যাপার তিনি প্রতিবছরই আগের বছরের পারফরম্যান্সের উন্নতি ঘটান। এ ধারা এখনো চলছে। ’শচীন টেন্ডুলকারকে ভারতের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর চেয়েও জনপ্রিয় মনে করেন ভন। তিনি বলেন, ‘একবার কল্পনা করে দেখুন কী অসীম চাপের মুখে প্রতিবার উইকেটে ব্যাট করতে যেতে হয় শচীনকে। তাঁর ঘাড়ে থাকে বিশাল দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা।’ ভন অবাক হন শচীনের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের কথা চিন্তা করে। তাঁর মতে, ২১ বছর ফিটনেস ও পারফরম্যান্স ধরে রেখে খেলাটা চালিয়ে যাওয়া অবশ্যই মুখের কথা নয়।কেবল সেরা নন, ক্রিকেটের শুদ্ধতম ব্যাটসম্যান হিসেবেও শচীন টেন্ডুলকারকে স্বীকৃতি দিতে কোনো কার্পণ্য নেই মাইকেল ভনের। তিনি বলেন, ‘সর্বশেষ ২০ বছর ধরে ব্যাটিং স্টাইল নিয়ে ক্রিকেটে অনেক কথা হয়েছে। এটা নিয়ে বিস্তর গবেষণাও চলছে। কিন্তু আপনি যদি একটি খাতা-কলম নিয়ে বসে টেন্ডুলকারের ব্যাটিং লক্ষ করেন, তাহলে দেখবেন তাঁর চেয়ে শুদ্ধতম ব্যাটসম্যান সত্যিই আর কেউ হতে পারে না।’কলামের এক ফাঁকে মাঠে শচীন টেন্ডুলকারের দুর্বলতাও তুলে ধরেছেন মাইকেল ভন। তিনি বিশ্লেষণাত্মক ঢংয়ে বলেছেন, ‘লক্ষ করে দেখেছি, শচীন টেন্ডুলকার তাঁর ইনিংসের শুরুতেই কিছুটা নড়বড়ে থাকেন। কিছুটা নার্ভাসও লাগে তাঁকে। এ সময়টার সদ্ব্যবহার করতে হবে ইংলিশ বোলারদের।’ ওয়েবসাইট।