শচীনের পারফরম্যান্সে সন্তুষ্ট গাভাস্কার
এ বছর ব্যাট হাতে মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শচীন টেন্ডুলকার। কয়েকটি ম্যাচে তাঁর আউট হওয়ার ধরন দেখে কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার মন্তব্য করেছিলেন, শচীনের খেলায় বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে সম্প্রতি রনজি ট্রফিতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর শচীনের ব্যাটিং নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন গাভাস্কার। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে আগে এ ধরনের ব্যাটিং খুবই ইতিবাচক লক্ষণ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।২০১২ সালে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন শচীন টেন্ডুলকার। আর এতে ৯ ইনিংস ব্যাটিং করে তাঁর ব্যাট থেকে এসেছে ২৪৫ রান। শেষ সাতটি ইনিংসে লিটল মাস্টার করেছেন মাত্র ১২৪ রান। গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা তিনটি ইনিংসে প্রায় একই রকমভাবে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন ভারতের এই ব্যাটিং বিস্ময়। এরপর অনেকেই প্রশ্ন তুলেছিলেন টেন্ডুলকারের ব্যাটিং-সক্ষমতা নিয়ে; তিনি আর আগের মতো ব্যাটিং আদৌ করতে সক্ষম কি না, তা নিয়ে। সুনীল গাভাস্কার বলেছিলেন, শচীনের খেলায় বয়সের ছাপ পড়ে গেছে। তবে এবার ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে মনে হয় আবার স্বমূর্তিতে আবির্ভূত হয়েছেন টেন্ডুলকার। গতকাল শুক্রবার তিনি রনজি ট্রফিতে খেলেছেন ১৩৬ বলে ১৩৭ রানের চমত্কার এক ইনিংস। আর এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, ‘শচীন প্রচণ্ড পরিশ্রমী। আমার মনে হয়, সে আগের ম্যাচে আউট হওয়ার ধরনগুলো নিয়ে দিন-রাত ভেবেছে। প্রচণ্ড পরিশ্রম করেই সে আবার রান করা শুরু করেছে। নিউজিল্যান্ড সিরিজের পর সে কতটা পরিশ্রম করেছে, নিজের খেলা নিয়ে কতটা ভেবেছে, তার প্রমাণ আমরা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই পাব।’১৫ নভেম্বর শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চার ম্যাচের টেস্ট সিরিজটা খেলার পরই শচীন আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলতে পারেন বলে অনুমান করছেন অনেকে।