শচীনের প্রতি শ্রদ্ধা হারিয়েছেন অসি ক্রিকেটাররা!
কাল মঙ্গলবার শুরু হচ্ছে সিডনি টেস্ট। এ টেস্টে শচীন টেন্ডুলকার তাঁর শততম সেঞ্চুরি পাবেন কি না, এ নিয়ে আলোচনা হওয়ার কথা। হ্যাঁ, শচীনকে নিয়ে আলোচনা হচ্ছে, তবে ভিন্ন প্রসঙ্গ নিয়ে।দ্বিতীয় টেস্ট শুরুর আগমুহূর্তে শচীনের কড়া সমালোচনা করেছে অস্ট্রেলিয়ান দৈনিক ‘দ্য হেরাল্ড সান’। ২০০৮ সালে হরভজন সিংয়ের ‘বানর’ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরে পত্রিকাটি জানিয়েছে, এ ঘটনায় শচীনের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!২০০৮ সালের অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলে গালি দেন হরভজন। এ ঘটনার সাক্ষী ছিলেন শচীন। এ নিয়ে বিতর্কের ঝড় উঠলে শচীন হরভজনের সাফাই গান। শচীনের বক্তব্য ছিল, সাইমন্ডসকে হরভজন বানর বলে গালি দেননি। তিনি হিন্দিতে এমন একটা শব্দ উচ্চারণ করেছিলেন, যা শুনতে বানরের কাছাকাছি।‘শচীনস সিন সিটি’ শিরোনামে হেরাল্ড সানের কলামিস্ট ম্যালকম কন লিখেছেন, ক্রিকেটবিশ্ব এখন শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি জ্বরে ভুগছে। একই সঙ্গে এটাও ঠিক, হরভজনের বানর কেলেঙ্কারির ঘটনায় শচীনকে ক্ষমা করেননি অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ের ক্রিকেটাররা।নিজের কলামে ম্যালকম আরও লেখেন, ‘...ক্রিকেটে অসামান্য অর্জনের পরও অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার শচীনের ওপর শ্রদ্ধা হারিয়েছেন। কারণ একজন প্রত্যক্ষ সাক্ষী হওয়ার পরও সম্পূর্ণ ব্যতিক্রম সাক্ষ্য দিয়েছিলেন শচীন।’ ওয়েবসাইট।