শচীনের বিশালত্ব নিয়ে প্রশ্ন তুলিনি: আফ্রিদি
শচীন টেন্ডুলকারের হাঁটু ‘কাঁপাকাঁপি’ নিয়ে সম্প্রতি ক্রিকেট দুনিয়ায় বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কটা শুরু করেছেন শোয়েব আখতার তাঁর ‘কন্ট্রোভার্সিয়াল ইয়োরস’ আত্মজীবনী দিয়ে। সেখানে শচীনের হাঁটু কাঁপা নিয়ে একটি মন্তব্য করেছেন শোয়েব। এক দিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এ নিয়ে বিতর্কটা যেন আরও উসকে দিয়েছেন। বললেন, তিনিও নাকি আখতারের বলে শচীনের হাঁটু কাঁপতে দেখেছেন। তবে নিজের করা এই মন্তব্যের ধাক্কা সামলাতে গিয়েই কিনা নিজের সুরটা একটু নরম করলেন তিনি। বললেন, তিনি যা বলেছেন, তাতে শচীনের বিশালত্বে কোনো কালিমা পড়বে না। আফ্রিদি স্পষ্ট করেই বলেছেন, তিনি শচীনের বিশালত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তবে তিনি পরিষ্কার করে বলেছেন, ১৯৯৯ সালে কলকাতায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি টেস্টে শোয়েবের সামনে শচীনকে একটু কম্পমানই হতে দেখেছেন।করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফ্রিদি বলেছেন, ‘আমি যা বলেছি, সেটা আমি অস্বীকার করছি না। ১৯৯৯ সালে কলকাতা টেস্টে শোয়েব আখতারের বল খেলতে শচীন অস্বস্তি বোধ করেছে। সেটা ছিল শোয়েবের প্রথম ভারত সফর। আর সে সময় সে দুর্দান্ত ফর্মে ছিল। শচীনকে সে আউট করেছিল শূন্য রানে। রাহুল দ্রাবিড়ও দুই ইনিংসেই পরিণত হয়েছিল শোয়েবের শিকারে। তখন শোয়েব দুর্দান্ত গতিতে বল করত। দুনিয়ার সব ব্যাটসম্যানের জন্যই সে ত্রাস ছিল। আমি স্কয়ার লেগে ফিল্ডিং করার কারণে শচীনকে খুব নার্ভাস দেখেছিলাম। আমি আগে যা বলেছি, এখনো তাই বলছি।’তবে এ কথা বলে তিনি যে শচীনকে খাটো করতে চাননি, সেটাও খুব দ্রুতই জানিয়ে দিয়েছেন আফ্রিদি। বলেছেন, ‘শচীন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। সবাই এটা জানে। আমার বা অন্য কারও সার্টিফিকেট শচীনের দরকার নেই। তাঁর রেকর্ডই তাঁর হয়ে কথা বলবে। আমি শচীনের বিশালত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। সবাই জানে যে শচীন তার পরও কতবার শোয়েবকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছে।’ পিটিআই।