শচীনের ভাগ্য নির্বাচকদের হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার ‘গ্রেট’, ‘সর্বকালের সেরা’, ‘লিটল মাস্টার’, ‘মাস্টার-ব্লাস্টার’ ইত্যাদি অভিধায় অভিহিত হয়ে আসছেন ২৩ বছর ধরে। ক্রিকেটের দুনিয়ার এমন কোনো রেকর্ড নেই, যা তিনি নিজের করে নেননি। সেঞ্চুরির ‘সেঞ্চুরি’ করেছেন একমাত্র তিনিই। ক্রিকেটের অবিসংবাদিত সর্বকালের সেরা স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হয়েছে একমাত্র তাঁকেই। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপও। একজন ক্রিকেটার জীবনে যা যা স্বপ্নে দেখতে পারেন, তার প্রায় সবকিছুই শচীন টেন্ডুলকার পেয়ে গেছেন বাস্তবে, নিজের জীবনে।বয়সটা ৩৯ হয়ে গেছে। ১৯৮৯ সালে যাঁদের সঙ্গে খেলা শুরু করেছিলেন, তাঁদের কথা হচ্ছে না—শচীনের অভিষেকের বছর পাঁচ-সাত পর যাঁদের অভিষেক হয়েছিল, তাঁরা প্রায় সবাই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। শচীন টেন্ডুলকার এখনো খেলে চলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সাম্প্রতিক বাজে ফর্ম অপ্রিয় একটা প্রশ্নও সামনে নিয়ে এসেছে, ‘ক্রিকেটকে কবে বিদায় জানাচ্ছেন শচীন?’আগেই বলা হয়েছে, যে ক্রিকেটারকে ‘গ্রেট’, ‘লিটল মাস্টার’, ‘মাস্টার-ব্লাস্টার’ ইত্যাদি বিশেষণ না দিয়ে সাংবাদিকেরা সংবাদই করতেন না, সেই শচীন কবে ক্রিকেট ছাড়বেন, সেটাই এখন সাংবাদিকদের আলোচনার মূল বিষয়। উপমহাদেশের ক্রিকেটাররা ক্রিকেটকে বিদায় জানানোর জন্য সেরা সময়টা নির্বাচন করতে পারেন না—এ অভিযোগটি যে বড় দুর্ভাগ্যজনকভাবে প্রযোজ্য শচীন টেন্ডুলকারের বেলায়ও। একেই হয়তো বলে নিয়তি কিংবা সময়ের অমোঘ কঠোরতা।প্রশ্নটা উঠে গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ হোম টেস্ট সিরিজেই। পর পর তিনবার বোল্ড হওয়ার পর সুনীল গাভাস্কারের মতো ‘শচীনপন্থী’ও বলতে বাধ্য হয়েছিলেন, শচীনের ব্যাটিংয়ে ‘বয়সের ছাপ’ স্পষ্ট। অর্থাত্ ভদ্র ভাষায় বলে দিয়েছিলেন, ‘শচীন, তোমার সময় শেষ।’ ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে শচীনকে নিয়ে ফিসফিসানিটা রীতিমতো চিত্কারে পরিণত। ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের এমনই ওজন যে তাঁকে নিয়ে এ ধরনের সমালোচনা শোনাটাও অনেকের কাছেই প্রচণ্ড বিব্রতকর। যেমনটা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্যও। সে কারণেই হয়তো শচীনের এই দুঃসময়ে তাঁর পাশেই থাকতে চাইছে বিসিসিআই। ক্রিকেট বোদ্ধারা অবশ্য বিরক্তির সঙ্গেই বলেছেন, নির্বাচকদের উচিত সময় নষ্ট না করে শচীনের সঙ্গে কথা বলা; তাঁর ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জানা।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই অবশ্য জানাচ্ছে, শচীন টেন্ডুলকারের সঙ্গে বসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিল। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে পিটিআই অবশ্য নির্দিষ্ট কিছু জানায়নি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা-ব্যক্তিরা সন্দ্বীপ পাতিলের সঙ্গে শচীনের এই আলোচনার বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন।পিটিআই জানিয়েছে, প্রধান নির্বাচক নাকি শচীন টেন্ডুলকারকে তাঁর ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তিনি শচীনের কাছে জানতে চেয়েছেন, ক্রিকেট থেকে তাঁর বিদায়ের দিনক্ষণ সম্পর্কেও। খবরে প্রকাশ, সন্দ্বীপ নাকি শচীনকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজে অবসরের ব্যাপারে সিদ্ধান্ত না নিলে নির্বাচকেরাই তাঁর ভবিষ্যত্ নির্ধারণ করবেন।পিটিআইয়ের এই প্রতিবেদন সত্য হলে তা হবে শচীন টেন্ডুলকারের জন্য সত্যিই অমর্যাদাকর। ব্যাপারটিতে স্পর্শকাতর ব্যাপার-স্যাপার আছে বলেই মুখে কুলুপ এঁটে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বোর্ডের সচিব ও নির্বাচক কমিটির কনভেনর সঞ্জয় জাগদাল কিছুটা বিব্রত হয়েই সাংবাদিকদের বলেছেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ব্যাপার যা-ই হোক, শচীন টেন্ডুলকারের প্রতিটি পদক্ষেপ যে এখন অতসী কাচের নিচে—এ কথা বলে দিতে এখন আর বিশেষজ্ঞ হতে হয় না। ২৩ বছরের বর্ণালি ক্রিকেট ক্যারিয়ারের শেষটায় এসে শচীন এমন একটি পরিস্থিতিতে পড়বেন, এ কথা কেউ কখনো ভাবেননি।এ জন্য সময় থাকতেই সময়ের বিশ্লেষণটা সেরে ফেলতে হয়!