শচীনের মুকুটে আরেকটি পালক
দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অনেক সম্মানেই ভূষিত হয়েছেন। এবার তাঁর মুকুটে যোগ হতে চলেছে আরেকটি পালক। ‘মেম্বার অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (এএম) সম্মাননায় ভূষিত হতে চলেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ৩৯ বছর বয়সী শচীনকে এ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।‘অস্ট্রেলিয়া ও ভারতের সম্পর্কে ক্রিকেট অবশ্যই বড় সহায়ক। আমরা উভয়েই ক্রিকেট-পাগল জাতি। শচীনকে আমরা সম্মাননা দিতে চলেছি। এটা আমার কাছে অনেক আনন্দের।’ নয়াদিল্লিতে বলেছেন জুলিয়া গিলার্ড।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এটা এমন এক বিশেষ সম্মাননা, যা অস্ট্রেলীয় নাগরিক নন এমন ব্যক্তিত্বদের দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী সাইমন ক্রিন ভারতে এসে শচীনের হাতে পদক তুলে দেবেন। এটা গ্রেট ব্যাটসম্যানের স্বীকৃতি। সম্মাননাটা বিশেষ, শচীনও বিশেষ একজন ক্রিকেটার।’ভারতীয়দের মধ্যে এর আগে কেবল একজন এই সম্মাননা পেয়েছেন। তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। ২০০৯ সালে একই পদক পান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। এর আগে ১৯৮৫ সালে ‘অফিসার অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননায় ভূষিত হন আরেক ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েড। সূত্র: পিটিআই।