শচীনের রেকর্ড ভাঙা কি সম্ভব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিছক একটা সেঞ্চুরি উদযাপন নয়, এটি ছিল শচীনের শততম সেঞ্চুরি। ইতিহাস গড়া সেঞ্চুরিটি লিটল মাস্টার করেছিলেন মিরপুরে, ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। ফাইল ছবি
নিছক একটা সেঞ্চুরি উদযাপন নয়, এটি ছিল শচীনের শততম সেঞ্চুরি। ইতিহাস গড়া সেঞ্চুরিটি লিটল মাস্টার করেছিলেন মিরপুরে, ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। ফাইল ছবি

রেকর্ড ক্ষণস্থায়ী। আজকের রেকর্ড একদিন অন্য কেউ ভাঙবে, নিজের করে নেবে, এটাই বাস্তবতা। এর পরও প্রশ্নটা থেকে যায়—শচীন টেন্ডুলকারের গড়া রেকর্ডগুলো কি ভাঙা সম্ভব? নাকি ওগুলো টিকে থাকবে চিরকাল?
টেস্ট বা ওয়ানডে যা-ই বলুন, সবচেয়ে বেশি ম্যাচ, রান, সেঞ্চুরি সব রেকর্ডই শচীনের। সেঞ্চুরি পাওয়া যেখানে ব্যাটসম্যানদের কাছে আরাধ্য, সেখানে লিটল মাস্টারের আছে ‘সেঞ্চুরির সেঞ্চুরি’। মুম্বাইয়ে আজ শুরু হওয়া নিজের ২০০তম টেস্ট দিয়েই ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানবেন ৪০ বছর বয়সী শচীন। ইতি ঘটবে এক বর্ণময় অধ্যায়ের। অতীত হয়ে যাবেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।
শচীনের রেকর্ড ভবিষ্যতে টিকে থাকা না-থাকা নিয়ে অবশ্যই ভিন্নমত থাকবে। তবে রেকর্ডগুলো ভেঙে ফেলতে যে অবিশ্বাস্য কিছু করতে হবে, এটা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব যেমন বলছিলেন, ‘রেকর্ড চিরদিন টিকে থাকে না। তবে শচীনের ২০০ টেস্ট খেলা বা ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙা খুব কঠিন হবে।’
পরিসংখ্যানের আলোয় এবার শচীনের সঙ্গে অন্যদের তুলনা করা যাক। ১৯৯ টেস্টে ১৫ হাজার ৮৪৭ রান করেছেন লিটল মাস্টার। তাঁর পরের অবস্থানটা রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সংগ্রহ ১৩ হাজার ৩৭৮ রান। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে শচীনের কাছাকাছি আছেন জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারের রান সংখ্যা ১৩ হাজার ১৪০ রান। এর মানে, শচীনের চেয়ে ২ হাজার ৭০৭ রানে পিছিয়ে তিনি। ৩৮ বছর বয়সী ক্যালিসের পক্ষে কি শচীনকে ছাড়িয়ে যাওয়া আদৌ সম্ভব?
ওয়ানডে ক্রিকেটে আরও স্পষ্ট ব্যবধানে এগিয়ে শচীন। ৪৬৩ ম্যাচে তাঁর রান সংখ্যা ১৮ হাজার ৪২৬। দুই নম্বরে থাকা পন্টিংয়ের সঙ্গে ব্যবধান ৪ হাজার ৭২২ রানের। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে কাছাকাছি আছেন কুমার সাঙ্গাকারা। ক্যারিয়ারের শেষ বেলায় থাকা এই লঙ্কান ব্যাটসম্যান শচীনের চেয়ে পিছিয়ে ৬ হাজার ৪৭৮ রানে। ওয়ানডেতে শচীনের ৪৯টি সেঞ্চুরির বিপরীতে দুইয়ে থাকা পন্টিংয়ের সেঞ্চুরি সংখ্যা মাত্র ৩০। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে শচীনের কাছাকাছি থাকা ক্রিস গেইলের সেঞ্চুরিসংখ্যা ২১টি। অন্যদিকে টেস্টে যেখানে শচীনের সেঞ্চুরি ৫১টি, সেখানে তাঁর পরের অবস্থানে থাকা জ্যাক ক্যালিসের সেঞ্চুরি সংখ্যা ৪৪।

সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত স্যার ডন ব্রাডম্যান। ৩৯ বছরে অবসর নেওয়া এই কিংবদন্তির ৫২ টেস্টে সংগ্রহ ৬ হাজার ৯৯৬ রান। ব্যাটিং গড় ৯৯.৯৪! সেঞ্চুরি রয়েছে ২৯টি। টেস্টে ব্রাডম্যানের অবিশ্বাস্য ব্যাটিং গড়ের পরও শচীনকেই এগিয়ে রাখছেন ব্রায়ান লারা। এ সপ্তাহে লন্ডনে এক অনুষ্ঠানে লিটল মাস্টারকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করেন ক্যারিবীয় কিংবদন্তি, ‘শচীন শুধু সর্বকালের সেরাই নয়, ওর রেকর্ড কারও সঙ্গে তুলনা চলে না। কোনো বিতর্ক নয়। ক্রিকেটের ইতিহাসে শচীনই সেরা। পরিসংখ্যানই ওর হয়ে কথা বলবে। আমি মনে করি না, এখনকার ১৬ বছর বয়সী কোনো ছেলে ৪০-৪১ বছর বয়স পর্যন্ত এতটা ধারাবাহিক খেলে শচীনকে পেছনে ফেলতে পারবে।’

শচীনের রেকর্ড ভাঙতে ধারাবাহিকভাবে অন্তত ২৫ বছর খেলতে হবে বলে বিশ্বাস কপিল দেবের, ‘শচীনের মতো অর্জন করতে হলে কাউকে অন্তত ২৫ বছর টানা খেলে যেতে হবে। কিন্তু এখনকার ক্রিকেটাররা কি এতদিন টিকে থাকতে পারে? এখন তো অনেকে পর্যাপ্ত টেস্টও খেলে না।’ সূত্র: ওয়েবসাইট।

ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে c লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।