শচীনের রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব: গিলক্রিস্ট
ক্রিকেট জগতে ব্যাটিং রেকর্ডের প্রায় সবকিছুই নিজের দখলে নিয়ে এসেছেন শচীন টেন্ডুলকার। আর গত মাসে বাংলাদেশের বিপক্ষে শততম শতকটি করে নিজেকে প্রায় দুর্লঙ্ঘনীয় একটা উচ্চতায় নিয়ে গেছেন লিটল মাস্টার। তবে শচীন নিজে অবশ্য আশা প্রকাশ করেছেন রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো তরুণ কোনো ভারতীয় ব্যাটসম্যানই তাঁর রেকর্ডটা ভেঙে দিতে পারবেন। তবে গিলক্রিস্ট কিন্তু শচীনের সঙ্গে একেবারেই একমত নন। শচীনের সঙ্গে সবার এতই দূরত্ব যে তাঁর এই রেকর্ড ভাঙাটা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া সাবেক এই উইকেট রক্ষক।নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকি পন্টিংয়ের থেকে ২৯টি সেঞ্চুরির ব্যবধানে এগিয়ে আছেন টেন্ডুলকার। নিজেদের সাবেক অধিনায়কের এই দৃষ্টান্ত দেখিয়ে গিলক্রিস্ট বলেছেন, ‘এতেই শচীনের বিশালত্বের কথা বেশ ভালোমতো প্রমাণিত হয়। তাঁর সঙ্গে অন্যদের পার্থক্যটা এতই খুবই বেশি। তিনি অনেক এগিয়ে আছেন। আমার সন্দেহ আছে যে কেউ সত্যিই কোনো দিন তাঁর এই রেকর্ড ভাঙতে পারবে কি না। আপনি যদি রেকর্ড দেখেন, তাহলে পন্টিংই টেন্ডুলকারের পরে সেরা ব্যাটসম্যান। কিন্তু তিনিও অনেক পিছিয়ে।’ পিটিআই।