শচীনের শতক গুরুত্বপূর্ণ নয়: কপিল দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯টি শতক পূর্ণ করে ক্রিকেট ইতিহাসের নতুন একটি মাইলফলক সৃষ্টি করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন শচীন টেন্ডুলকার। আর মাত্র একটি শতক করলেই তিনি পূর্ণ করবেন শতকের শতক। কয়েকদিন আগে শেষ হওয়া ভারতের ইংল্যান্ড সফরের আগে ভারতীয় গণমাধ্যমগুলোর অন্যতম আলোচিত বিষয় ছিল শচীন এই অনন্য রেকর্ডটি গড়তে পারবেন কি না, তা নিয়ে। তবে ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যানকে নিয়ে গণমাধ্যমগুলো বেশি মাতামাতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন কপিল দেব। এই মুহূর্তে শচীনের শতকের থেকে দলীয় পারফরম্যান্সের দিকে নজর দেওয়াই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।সম্প্রতি এক সাক্ষাত্কারে কপিল দেব বলেছেন, ‘সবাই শচীনের শতকের শতক নিয়েই বেশি আগ্রহী। পরবর্তী সিরিজটাতে আমরা কেমন পারফরম্যান্স দেখাতে পারব, তা নিয়ে খুব বেশি কথাবার্তা নেই। আমি বলছি না যে, কারও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য তাঁর প্রশংসা করা হবে না। কিন্তু এখন আমাদের দলীয় পারফরম্যান্স নিয়েই বেশি ভাবা উচিত। সবাই জানে শচীনের ৯৯টি শতক আছে। কিন্তু এগুলোর মধ্যে কতগুলো ম্যাচ আমরা জিতেছি, সেটা কি কেউ জানেন? শচীনের ৯৯টি শতকের মধ্যে আমরা জিতেছি ৬০টি ম্যাচ। কেউ যদি প্রতিবেদনে এই তথ্যটা যোগ করে, তাহলে আমি বেশি খুশি হব। আমাদের মনোভাবও পরিবর্তন করা দরকার।’—পিটিআই।