শচীনের সঙ্গে তুলনায় রাজি নন কোহলি
বিরাট কোহলির মাঝে শচীন টেন্ডুলকারের ছায়া খুঁজে পান অনেকে। অতি উত্সাহীরা আবার লিটল মাস্টারের সঙ্গে তুলনা করে থাকেন তাঁকে। তবে ভারতীয় ব্যাটিং আইকন শচীনের সঙ্গে তুলনায় যেতে রাজি নন কোহলি।‘লোকে যখন শচীনের সঙ্গে আমার তুলনা করেন, নিজেকে তখন ভাগ্যবান মনে হয়। কিন্তু এ ধরনের তুলনা নয়, আমি শুধু আমার পারফরম্যান্স নিয়েই ভাবছি। আক্ষরিক অর্থেই আমি তাঁকে পূজা করি। তাই এই তুলনার মধ্যে বেশি কিছু খুঁজে পাই না আমি।’ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন কোহলি।শচীনের সঙ্গে কোহলির তুলনাটা অনেকেই হয়তো বাড়াবাড়ি বলবেন। তবে এটা বলার অপেক্ষা রাখে না, এই তুলনার কারণ কিন্তু কোহলির দুর্দান্ত পারফরম্যান্স। চলতি বছর এরই মধ্যে পাঁচটি সেঞ্চুরি তুলে নিয়েছেন। বয়স মাত্র ২৩। সামনে বিস্তর সময়। শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারেন তো কোহলিই! শচীন নিজেও স্বীকার করেছেন, কোহলির পক্ষে তা করা সম্ভব।কোহলি অবশ্য জানিয়ে দিয়েছেন, ১০০ সেঞ্চুরির পাওয়া না-পাওয়া তিনি কখনোই ভাবেন না। ‘শচীন ছাড়া আর কোনো ক্রিকেটারই ১০০ সেঞ্চুরি করতে পারেননি। এটা অনেক বড় অর্জন। এ নিয়ে কখনো ভাবি না। কারণ, এটা শুধু আপনার ওপর চাপ বাড়াবে। শুধু নিজের পারফরম্যান্স নিয়েই ভাবতে চাই।’ বলেছেন কোহলি।