শচীনের সঙ্গে সময় কাটানোর সুযোগ
শচীন-ভক্তদের জন্য সুখবর। শুধু সুখবর না বলে এর আগে দু-একটা বিশেষণ যোগ করলেও অবশ্য বাড়াবাড়ি হবে না। কারণ একেবারে কাছ থেকে শচীনকে একঝলক দেখা সুযোগ নয়, সুযোগ এসেছে লিটল মাস্টারের সঙ্গে পুরো একটা সন্ধ্যা কাটানোর!ফিডেলিস ওয়ার্ল্ড ‘সেলিব্রেশন সিরিজ’-এর অংশ হিসেবে আগামী তিন বছরে বিশ্বের ছয়টি শহর ভ্রমণ করবেন শচীন। ভ্রমণের সময় নির্বাচিত কিছু ভক্ত তাঁর সঙ্গে একটা সন্ধ্যা কাটানোর সুযোগ পাবেন।ভাগ্য সহায় থাকলে নির্বাচিত সমর্থকদের মধ্যে থাকতে পারেন আপনিও! আয়োজক ফিডেলিস ওয়ার্ল্ড গ্রুপ জানিয়েছে, শচীন প্রথমে দুবাই ভ্রমণ করবেন। তবে বাকি ছয় শহরের নাম এখনো জানাননি আয়োজকেরা। কীভাবে শচীন-ভক্তদের নির্বাচন করা হবে, জানানো হয়নি সেটাও।আজ বুধবার এক সংবাদবিজ্ঞপ্তিতে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুন দুবাইয়ে প্রথম শচীন-সন্ধ্যা অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এখানে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় অতিথিদের সঙ্গে শেয়ার করবেন লিটল মাস্টার।বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, এমন একটা আয়োজনে শচীন নিজেও খুশি। তিনি বলেছেন, ‘ফিডেলিস ওয়ার্ল্ডের সঙ্গে কাজ করার ও সমর্থক-ভক্তদের কাছে যাওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’দুবাইয়ে প্রথম সন্ধ্যা সম্পর্কে শচীন বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আমার অনেক সুখস্মৃতি আছে। ছয় শহর ভ্রমণের প্রথমটি দুবাইয়ে। ওই দিনটির দিকে তাকিয়ে আছি আমি।’ফিডেলিস ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নবনীত শর্মা বলেছেন, ‘বিশ্বের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সঙ্গে সেলিব্রেশন সিরিজ উদযাপন করতে পেরে ফিডেলিস ওয়ার্ল্ড আনন্দিত। আমরা এই কিংবদন্তিকে অভিনন্দন জানাই। তাঁর মতো একজনকে নিয়ে উদযাপন করতে পেরে আমরা গর্বিত।’