শচীনের সতীর্থে উচ্ছ্বসিত পন্টিং
শচীন টেন্ডুলকারের সঙ্গে মাঠে নামার অভিজ্ঞতা রিকি পন্টিংয়ের বেশ ভালোই আছে। তবে এত দিন সেটা ছিল প্রতিপক্ষ হিসেবে। এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। লিটল মাস্টারের সতীর্থ হিসেবে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। নতুন এই অভিজ্ঞতাটা বেশ অন্য রকমই হবে—তা নিজেও স্বীকার করেছেন পন্টিং। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে শচীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে পন্টিংকে। তাঁর অধিনায়কত্বেই এবারের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে মুম্বাই ইন্ডিয়ানস।আগামী ৪ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। আর এবারই প্রথমবারের মতো শচীনের সতীর্থ হিসেবে মাঠে নামার অভিজ্ঞতা হতে যাচ্ছে পন্টিংয়ের। এ প্রসঙ্গে পন্টিং সাংবাদিকদের বলেছেন, ‘মাঠে নামার সময় পুরো স্টেডিয়ামের দর্শকের ‘শচীন শচীন’ ধ্বনি শুনে আমরা (অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা) অভ্যস্ত। কিন্তু এবার আমরা থাকব একই দলে। তাই এবারের অভিজ্ঞতাটা হবে পুরোপুরিই ভিন্ন ধরনের।’আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর যেন আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছেন রিকি পন্টিং। একের পর এক বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। কয়েক দিন আগেই তিনি খেলেছেন বিগ ব্যাশে। এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলার কথা আছে পন্টিংয়ের।গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিকি পন্টিং। টাইমস নিউজ নেটওয়ার্ক