শচীনের সেঞ্চুরির পরই কথা বলবেন ধোনি
গত বছরের মার্চ থেকেই শচীনের শততম শতকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ক্রিকেট বিশ্ব। এ বছর ভারতের ইংল্যান্ড সফরের আগে সংবাদমাধ্যমগুলোর প্রধান আলোচনা ছিল শচীনের এই মাইলফলকটি নিয়ে। কিন্তু সেবার সবাইকে অপেক্ষাতেই রেখেছেন লিটল মাস্টার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আবারও সেই আলোচনার শীর্ষে উঠতে শুরু করেছে শচীনের এই শততম শতক প্রাপ্তি। তবে এখনই এ নিয়ে কোনো কথা বলতে চান না মহেন্দ্র সিং ধোনি। এতে শচীনের মনঃসংযোগেরও ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন ভারতীয় অধিনায়ক।আজ শনিবার দিল্লির ফিরোজ শাহ স্টেডিয়ামে অনুশীলনের সময় ধোনি সাংবাদিকদের বলেছেন, ‘শচীনের সেঞ্চুরি হওয়ার পরই আমরা এটা নিয়ে কথা বলব। আশা করছি, তিনি প্রথম ম্যাচেই এই মাইলফলকটা স্পর্শ করতে পারবেন এবং আমরা ওই টেস্টের পঞ্চম দিনে এটা নিয়ে কথা বলব। এই মাইলফলক শচীন অবশ্যই ছুঁতে পারবেন। কাজেই এখন বারবার এ নিয়ে কথা না বলে শততম শতকটি হয়ে যাওয়ার পরই কথা বলা ভালো। আমরাও তাঁর সঙ্গে এটা খুবই আনন্দ নিয়ে উদযাপন করব। ভারতীয় ক্রিকেটের জন্যই এটা হবে একটা স্মরণীয় মুহূর্ত।’কাল বাংলাদেশ সময় সকাল ১০টায় দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। রয়টার্স।