শচীনের ‘৪৮’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আসরে সব সময়ই দুর্দমনীয় হয়ে ওঠেন শচীন টেন্ডুলকার। আগের বিশ্বকাপগুলোর মতো এবারও যথারীতি ঝলসে উঠেছে লিটল মাস্টারের ব্যাট। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেই দখল করেছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের আসনটি। এবার নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার কাজটাও সুচারুভাবে করে যাচ্ছেন ভারতের ব্যাটিং বিস্ময়। আজ নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করলেন বিশ্বকাপের ষষ্ঠ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির অর্ধশতক পূর্ণ করেছেন গত বছর। এবার একদিনের ক্রিকেটেও সেই বিস্ময়কর মাইলফলকের প্রায় কাছাকাছিই পৌঁছে গেছেন। আজ করেছেন ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি।অনেকদিন পর আজ শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় দেখা গেছে টেন্ডুলকারকে। ডেল স্টেইন, মরনে মরকেল, জ্যাক ক্যালিসদের দুর্ধর্ষ পেস আক্রমণকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে ৯২ বল খেলেই স্পর্শ করেছেন তিন অঙ্কের কোটা। চার মেরেছেন সাতটি। ছয় তিনটি।ভারতীয় ইনিংসের ৪০তম ওভারে দক্ষিণ আফ্রিকান শিবিরে স্বস্তি নিয়ে আসেন মরনে মরকেল। ১০০ বলে ১১১ রানের অসাধারণ এক ইনিংস খেলে পয়েন্টে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান টেন্ডুলকার।