শচীনের ‘৫০’ উদযাপনের অপেক্ষায় হরভজন
মাত্র কয়েক দিন আগেই টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শচীন টেন্ডুলকার। সামনে আছে আরেকটি মাইলফলকের হাতছানি। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই টেস্ট সেঞ্চুরির অর্ধশতক পূর্ণ করবেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। টেন্ডুলকারের এ অনন্য কীর্তির জন্য খোদ টেন্ডুলকারের চেয়েও বোধহয় বেশি অপেক্ষা করে আছেন হরভজন সিং। এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের জন্য একেবারে মুখিয়ে আছেন ভারতের অন্যতম সফল এই অফস্পিনার।হরভজন বলেছেন, ‘টেস্টে ৫০তম সেঞ্চুরি করাটা একটা বিশাল অর্জন। আমি শচীনের এই সেঞ্চুরির অর্ধশতক উদযাপনে শামিল হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাঁর নামের পাশে অনেকগুলো মাইলফলক আছে। কিন্তু এটা সবকিছুকেই ছাপিয়ে যাবে। সে আমাদের দেখিয়েছে যে কোনোকিছুই অসম্ভব নয়।’ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টেই টেন্ডুলকার এই মাইলফলক পেরিয়ে যাবেন বলে আশা করেছিলেন হরভজন। কিন্তু হরভজনকে হতাশ করে আহমেদাবাদ টেস্টের দুই ইনিংসে টেন্ডুলকারের সংগ্রহ ছিল ৪০ ও ১২ রান। হয়তো বাকি দুই টেস্টেই হরভজনের এ অপেক্ষার অবসান ঘটাবেন লিটল মাস্টার।