শট নিতে চাননি হান্টেলার

ম্যাচ শেষ হতে বাকি তখন কয়েক মুহূর্ত। গোলসংখ্যা ১-১, হল্যান্ড-মেক্সিকো দুদলের সামনেই সমান সম্ভাবনা। বিশ্বকাপ ফুটবলে অঘটনের চোখরাঙানি। হঠাৎই হল্যান্ডের প্রতি ফুটবলবিধাতার শুভ দৃষ্টি। পেনাল্টি পেল হল্যান্ড। গ্যালারিজুড়ে কমলা রঙের চাপা নিস্তব্ধতা। এমন সময় পেনাল্টি শট নিতে গেলে যে কারোরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার কথা। সে ক্ষেত্রে বিগত পাঁচটি পেনাল্টি শটের চারটিকেই ভুল ঠিকানায় পাঠানো ক্লাস-ইয়ান হান্টেলারের মনে ভয় আর আশঙ্কা দানা বাঁধা তো স্বাভাবিকই।
যদি মিস হয়? যদি গোলবার কিংবা পোস্টের ওপর দিয়ে বল চলে যায় কিংবা ঝাঁকড়া চুলের গোলরক্ষক ওচোয়া যদি দেয়াল হয়ে দাঁড়ায় সামনে? ওই সময় মনের অবস্থাটা কী ছিল, সেটা হান্টেলারের মুখেই শুনুন, ‘শুরুতে আমার কাছে বল ছিল না। বল ছিল আরিয়েন রোবেনের হাতে। ও-ই কাছে এসে বলল, “তুমি কি শটটা নিতে চাও?” ঠিক ওই মুহূর্তে আগের মিস হওয়া শটগুলোর কথা মনে করে ভেবেছিলাম রোবেনকে “না” বলে দিই। পরে আবার মনে হলো নিজেকে এই চাপ থেকে বের করতে এর চেয়ে আর ভালো ওষুধ হতে পারে না।’
কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না! এই বিশ্বকাপে শুরু থেকে যেভাবে খেলে আসছিল তাতে হল্যান্ডকে জয় পেতে এত কষ্ট করতে হবে, সেটা কেউ কল্পনাও করেনি হয়তো। ব্রাজিলে গিয়ে ‘ফ্লাইং ডাচম্যান’ খেতাব পাওয়া রবিন ফন পার্সি সেদিন নিজের ছায়া খুঁজে বেড়ালেন। ৭৬ মিনিটের মাথায় তাঁকে তুলে নিলেন কোচ লুইস ফন গাল। এরপর নেমেই ম্যাচে সমতা ফেরানোয় ভূমিকা রাখলেন ফরোয়ার্ড হান্টেলার। তাঁর মাথা ছুঁয়ে স্নাইডারের সামনে পড়তেই বল মেক্সিকোর জালে জড়ালেন স্নাইডার। এরপর আরিয়েন রোবেনের বিতর্কিত ‘ডাইভ’ আর হান্টেলারের পেনাল্টি শট হল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে উঠতে সাহায্য করে। গোল করতে পার্সি-রোবেনদের এত কষ্টের জন্য ডাচ অধিনায়ক ফন পার্সি অবশ্য দুষলেন ব্রাজিলের গরম আর আদ্র৴তাকেই। গোলডটকম।