শত শতকের স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত পরাজয়ের বিষাদ। তার পরও অমর এই কীর্তি। সেঞ্চুরির সেঞ্চুরি হওয়ার পর ক্রিকেট-বিশ্বে চলছে টেন্ডুলকার-বন্দনাভিভ রিচার্ডস: শচীনকে ব্যাট করতে দেখেছি। মনে হয়েছে আমি যেন সেরাটাই দেখলাম। শততম সেঞ্চুরিটি তাঁর আত্মবিশ্বাস আর অটুট মনোযোগের সাক্ষী হয়ে থাকল। আমি মনে করি, যখন সে তার ব্যাট তুলে রেখে অবসরে যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তারই। ও যদি মনে করে নিজের মান অনুযায়ী পারফর্ম আর ও করতে পারছে না, সঙ্গে সঙ্গেই ও অবসর নেবে। সেসব ভুলে আসুন আমরা শুধু তার বিনয়ী কিন্তু কর্তৃত্বময় শেষ বছরগুলো উপভোগ করি।ইয়ান চ্যাপেল: টেন্ডুলকারের শিরায় এখনো অনায়াসে প্রবাহিত হয় দক্ষতা, ধৈর্য আর প্রতিদ্বন্দ্বিতা। ১৭ বছর বয়স থেকেই যেন ব্যাটিংয়ের মাউন্ট এভারেস্ট জয় করাই ছিল ওর নিয়তিনির্ধারিত, যে বয়সে ওল্ড ট্র্যাফোর্ডে ও প্রথম সেঞ্চুরিটি করল।সৌরভ গাঙ্গুলী: বিস্ময়াভিভূত, অবিশ্বাস্য, দুর্দান্ত। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, সেঞ্চুরির সেঞ্চুরিই টেন্ডুলকারের শেষ গন্তব্য নয়, এই ‘স্পেশাল ওয়ান’-এর কাছ থেকে আমরা আরও অনেক কিছুই পাব। সে সব সময় নিজের সেরাটাই বের করে আনে। সবাইকে বুঝতে হবে, প্রতিদিন মাঠে নেমে সেরাটা দেওয়াও একটা বিশেষ কৃতিত্ব। দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যেই একটা প্রেরণা থাকে। ওর হেলমেটে এখনো গর্বের সঙ্গেই ছাপ দেওয়া আছে তেরঙার। আমি নিশ্চিত ও আরও কয়েক বছর খেলবে।শেন ওয়ার্ন: শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করায় শচীনকে অভিনন্দন। বন্ধু, সত্যিই দুর্দান্ত! সংবাদমাধ্যমকে অনুরোধ করব, দয়া করে অবসরসংক্রান্ত প্রশ্ন করবেন না, শচীনকে মুহূর্তটা উপভোগ করতে দিন।ডেভিড গাওয়ার: শচীনের কথা ভাবলেই প্রথমেই আমার মাথায় আসে এত দীর্ঘ সময় ধরে একটা ক্যারিয়ার টেনে নিয়ে যাওয়ার বিষয়টি। আমার সবচেয়ে যে জিনিসটি ভালো লাগে, ও সুযোগ পেলেই জানিয়ে দেয়, এখনো ক্রিকেটটাকে ও কত ভালোবাসে। কত ছোট বয়সে শুরু করেছিল, এখন ৩৮ বছর বয়স, এত দিন ধরে ব্যাটিংটা উপভোগ করে যাওয়ার মধ্যেও একটা অসাধারণ গুণ লাগে। ৩৬ পেরিয়ে আমি নিজেই খুব একটা উপভোগ করতে পারিনি। রাহুল দ্রাবিড়: অবিশ্বাস্য সব অর্জনে ঠাসা একটা ক্যারিয়ারের নেপথ্যে আছে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে দ্রুত নিজেকে পাল্টে ফেলা, মানিয়ে নেওয়া এবং ওই ছাঁচে নিজেকে তৈরি করে নিতে পারার ক্ষমতা। ওর অর্জনই ওকে কিংবদন্তি বানিয়েছে, সেটা টেস্ট-ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করাই হোক আর সেঞ্চুরির সেঞ্চুরি করাই হোক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানদণ্ড ঠিক করে গেল, আমার ধারণা যেটি কেউই পার করতে পারবে না। ওর এই মাইলফলক আমার কাছে ডন ব্র্যাডম্যানের ৯৯.৯৪ গড়ের মতোই।নাসেন হুসেইন: দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় ডন ব্র্যাডম্যানকে এভাবে স্মরণ করা হয়—তিনি ব্যাটিং-গড়টাকে ১০০-তে নিয়ে যেতে পারেননি। টেন্ডুলকারকে নিয়েও এমন একটা ভয় ছিল, সেঞ্চুরিটা করতে না পারলে হয়তো ওর করা ৯৯টা সেঞ্চুরির জন্য নয়, করতে না-পারা এই একটা সেঞ্চুরির জন্যই অনেকে মনে রাখত তাকে। তা হলে সেটি হতো লজ্জার, সেটি হতো অন্যায়।কেভিন পিটারসেন: শচীন আসলেই কী করেছে, সেটা কি আমরা সত্যিই উপলব্ধি করতে পারছি? এক শটা এক শ!!! সত্যিই অবিশ্বাস্য। ব্যাটসম্যানদের জন্য এ স্রেফ এক স্বপ্ন।