শততম টেস্টে গতিময় সিডনি
দেশের মাটিতে সিরিজ হলেই সিডনি টেস্টের জন্য অপেক্ষা করতেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার উইকেটগুলোর মধ্যে তুলনামূলক খানিকটা স্পিনবান্ধব ছিল সিডনির উইকেটই। ১৪ টেস্টে ৬৪ উইকেট নিয়ে এ মাঠের সর্বোচ্চ উইকেট ওয়ার্নের। নানা সময়ে ওয়ার্নের অনুপস্থিতির ফাঁকে ৮টি টেস্ট খেলে ৫৩ উইকেট আরেক লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের।এই মাঠেই আবার শচীন টেন্ডুলকারের টেস্ট ব্যাটিং গড় ২২১.৩৩। ভুল পড়ছেন না, চার টেস্টে তিন সেঞ্চুরিতে ৬৬৪ রান, গড় সত্যিই ২০০-এর বেশি। ভিভিএস লক্ষ্মণের রেকর্ড এখানে তুলনায় বেশ খারাপ, তিন টেস্টে তিন সেঞ্চুরিতে গড় ‘মাত্র’ ৯৬.২০। এ মাঠেই কিনা চার পেসার নিয়ে নামতে চাইছেন মাইকেল ক্লার্ক!১৮৮২ সালে প্রথম টেস্ট হয়েছিল সিডনিতে। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচটিই হতে যাচ্ছে অনেক ইতিহাসের সাক্ষী এই ভেন্যুর শততম টেস্ট। সিডনির সেঞ্চুরিতে সত্যিই চার পেসার খেলানোর কথাই ভাবছে অস্ট্রেলিয়া। চোট থেকে ফিরে নেটে পুরোদমে বোলিং করছেন রায়ান হ্যারিস। বিগ ব্যাশের একটা ম্যাচও খেলেছেন। হ্যারিস শতভাগ ফিট হলে অস্ট্রেলিয়ার চার পেসার খেলানোর সম্ভাবনাও শতভাগ। সে ক্ষেত্রে একাদশের বাইরে থাকবেন নাথান লায়ন।মূল কারণ, অবশ্যই উইকেট। শুরুতে যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে, সেই সিডনি এখন আর নেই। গত দুই বছরে সিডনির দুই টেস্টের প্রথম দিনে রাজত্ব করেছে পেসাররাই। ২০১০ সালে মোহাম্মদ আসিফ (৬/৪১) ও মোহাম্মদ সামির (৩/২৮) বোলিং তোপে প্রথম দিনে ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এ বছরের শুরুতে অ্যাশেজের শেষ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করতে পেরেছিল ২৮০। ৪ উইকেট পেয়েছিলেন জেমস অ্যান্ডারসন, ৩টি টিম ব্রেসনান এবং ট্রেমলেট-কলিংউড একটি করে। কিউরেটর টম পার্কার জানাচ্ছেন, গত দুই বছরের মতো এবারও প্রথম দিনে দারুণ পেসসহায়ক থাকবে উইকেট। এতটা না হলেও সহায়তা থাকবে পরের দিনগুলোতেও। সঙ্গে যোগ করুন প্রথম টেস্টে পেস বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের নড়বড় অবস্থা—ক্লার্কের সিদ্ধান্ত যৌক্তিকই মনে হবে।নিশ্চিতভাবেই এই পেস কোয়ার্ট্রেটের গুরুত্বপূর্ণ অংশ হবেন পিটার সিডল। মেলবোর্নে দুই ইনিংসেই ৩টি করে উইকেট নিয়েছেন ভিক্টোরিয়ান পেসার, দুই ইনিংসেই আউট করেছেন শচীন টেন্ডুলকারকে। ২৭ বছর বয়সী পেসার টেস্ট শিকারের খাতাও খুলেছিলেন টেন্ডুলকারকে আউট করে। তবে এটা খুব বড় অর্জন হিসেবে দেখছেন না সিডল, ‘শচীনের উইকেট সব সময়ই গুরুত্বপূর্ণ। ওকে আউট করতে পারাটা দারুণ। এর পেছনে তেমন কোনো রহস্য নেই। ও আর দশটা ব্যাটসম্যানের মতোই। দুটি আউট দুই রকম, দুবারই আগে বেশকিছু ভালো বল হওয়ায় ও হয়তো চাপে পড়ে গিয়েছিল। সিরিজের এখনো অনেক বাকি। আশা করি, শচীনকে আবারও আউট করতে পারব।’ ওয়েবসাইট।