শততম টেস্টের সামনে হরভজন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন হরভজন সিং। আগামীকাল চেন্নাইয়ে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবেন এই ডান হাতি অফস্পিনার। তাঁর আগে মাত্র নয়জন ভারতীয় ক্রিকেটার পেয়েছেন এই শততম টেস্ট খেলতে পারার সম্মান।এখন পর্যন্ত ৯৯টি টেস্ট খেলে ৩২ দশমিক ২৭ গড়ে ৪০৮টি উইকেট শিকার করেছেন হরভজন সিং। বেশ কিছুদিন ধরে খানিকটা খারাপ সময় কাটালেও হরভজনকে বিবেচনা করা হয় ভারতের অন্যতম সেরা স্পিনার হিসেবে। তবে এখন নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে যে খানিকটা চাপ অনুভব করছেন সেটা স্বীকার করে নিয়েছেন ভাজ্জি। তিনি বলেছেন, ‘এটা আমার জন্য খুবই বড় একটা ম্যাচ। এখন আমি একটু চাপ অনুভব করছি। কিন্তু আমি নিশ্চিত যে মাঠে আমি ঠিক থাকতে পারব। এই ধরনের পরিস্থিতি আমি আগেও মোকাবিলা করেছি।’ শততম টেস্টের মাইলফলক স্পর্শ করেও অবশ্য সন্তুষ্ট হচ্ছেন না হরভজন সিং। এখনই তিনি বলছেন আরও ৫০টি টেস্ট খেলার কথা। ৩২ বছর বয়সী এই স্পিনার বলেছেন, ‘নানা রকম উত্থান-পতনের মধ্য দিয়েই আমাকে যেতে হয়েছে। ১০০ টেস্টের মাইলফলক পার করার পর আমি হয়তো আরও ৫০টি ম্যাচও খেলতে চাইব। আর এ জন্য হয়তো আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।’তবে এত দীর্ঘ পথ যে পাড়ি দিতে পারবেন সেটা নাকি ক্যারিয়ার শুরু করার সময় ভাবতেই পারেননি হরভজন সিং। আর এখন টেন্ডুলকার, কুম্বলে, দ্রাবিড়, লক্ষ্মণদের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখাতে পেরে তিনি গর্ব বোধ করছেন। তাঁর ভাষায়, ‘আমি কখনোই ভাবিনি ভারতের পক্ষে ১০০ টেস্ট খেলতে পারব। ঈশ্বর সত্যিই আমাকে দয়া করেছেন। আমি আমার সব সতীর্থ ও টেন্ডুলকার, কুম্বলে, শ্রীনাথ, দ্রাবিড়, লক্ষ্মণদের মতো কিংবদন্তিদেরও কৃতজ্ঞতা জানাতে চাই।’—পিটিআই