শততম ম্যাচে তুষারের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম প্রথম শ্রেণীর ম্যাচে সেঞ্চুরি করলেন তুষার ইমরান। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার কাল প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছেন রংপুর ক্রিকেট গার্ডেনে। খুলনার এই ব্যাটসম্যান কাল ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলকও। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬ হাজার রান করা তৃতীয় বাংলাদেশি তুষার। এর আগে শুধু মোহাম্মদ আশরাফুল (৬২৭৪) ও রাজিন সালেহই পেরিয়েছেন (৬১৮৩) ৬ হাজার রান। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন রংপুরের ধীমান ঘোষ (১৪১*) ও ঢাকা বিভাগের নাদিফ চৌধুরীও (১১৪)। ধীমানের সপ্তম সেঞ্চুরিটি বরিশালের বিপক্ষে রাজশাহীতে। চট্টগ্রামে চট্টগ্রামের বিপক্ষে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েছেন নাদিফ। চার বছর পর পাওয়া নাদিফের সেঞ্চুরি ও নাজমুল মিলনের ৭৭ রানে ঢাকা বিভাগ করে ৪০১ রান। প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে করেছে ৩৫ রান। ঢাকার চেয়ে এখনো ২২৮ রানে পিছিয়ে দলটি। প্রথম ইনিংসে সিলেটের বিপক্ষে ৭ উইকেটে ৩৫৬ রান তুলে খুলনা এগিয়ে গেছে ১১২ রানে। তুষার ছাড়াও ফিফটি করেছেন ইমরুল (৬২) ও মিঠুন (৫৬)। সিলেটের এনামুল হক জুনিয়র নিয়েছেন ৩ উইকেট। মিরপুরে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ১২৯ রানে অলআউট ঢাকা মহানগর। রাজশাহীর পেসার শফিউল ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ২৫৬ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৭ রান, রাজশাহী এগিয়ে ১৯৪ রানে। বরিশালের বিপক্ষে ৪৮ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলা রংপুর দিন শেষ করেছে ৭ উইকেটে ৩৬০ রানে। ধীমান সোহরাওয়ার্দীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৪৪ ও মাহমুদুলের সঙ্গে সপ্তম উইকেটে ৯৯ রান যোগ করেছেন।