শততম ম্যাচেই স্বরূপে স্টেইন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

কেপটাউনের মুইজেনবার্গ পর্বতমালায় দাউ দাউ জ্বলছে আগুন। দাবানলে পুড়ে খাক হয়ে যাচ্ছে সবুজ বন। আর ১০ হাজারেরও বেশি কিলোমিটার দূরে ক্যানবেরায় উদ্বেগ গ্রাস করছে ডেল স্টেইন, ফাফ ডু প্লেসিদের। এই কেপটাউনেই তাঁদের বাস, স্টেইনের বাড়ি পর্বতমালার কোল ঘেঁষে স্টোনহার্স্ট অঞ্চলে। দক্ষিণ আফ্রিকান পেসার এর মধ্যে টুইট করে জানিয়েছেন, বিপন্ন স্বদেশবাসী ও পর্বতের অসহায় বন্য প্রাণীদের জন্য তাঁর প্রাণ কতটা আকুল হয়ে আছে। আজ আয়ারল্যান্ডের সঙ্গে শততম ম্যাচের আগে স্টেইন শুধু ক্রিকেটেই বুঁদ হয়ে থাকতে পারছেন না! 
‘১০০’ শব্দটাতে চোখ আটকে যেতে পারে। লম্বা সময় ধরে ওয়ানডে খেলছেন স্টেইন। সেই ২০০৫ সালে অভিষেক ওয়ানডেতে। এই ১০ বছরে ম্যাচের সেঞ্চুরিও হয়নি! অথচ তাঁর এক বছর আগে ক্যারিয়ার শুরু করে মহেন্দ্র সিং ধোনি খেলে ফেলেছেন ২৫৭ ম্যাচ!
এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। স্টেইন যতটা খেলেননি, তার চেয়ে বেশি তাঁকে খেলানো হয়নি। টেস্টের এক নম্বর বোলারকে দক্ষিণ আফ্রিকা ওয়ানডেতে ব্যবহার করেছে একেবারে টিপে টিপে, কৃপণের মতো। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই খেলানো হয়েছে, বিশ্রামই দেওয়া হয়েছে বেশির ভাগ ম্যাচে। সাদা পোশাকে স্টেইন-গান যেমনটা ঝলসে ওঠেন, রঙিন পোশাকে তাই ততটা নয়। ৯৯ ম্যাচে ১৫৪ উইকেটও খুব উচ্চকিতভাবে স্টেইনের জাত বোঝায় না। কিন্তু শুধু উইকেটসংখ্যা দিয়েই ৩১ বছর বয়সী এই পেসারের জাত বোঝা যাবেও না। অন্তত ১০০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে তাঁর চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে মাত্র ১১ জনের।
কিন্তু বিশ্বকাপে যে টেস্টের এক নম্বর বোলার নিজের ছায়া হয়ে আছেন। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচে একদমই ছন্দে ছিলেন না, ভারতের সঙ্গে পরের ম্যাচেও সেই ছায়াটা সরাতে পারেননি। আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে স্টেইনকে ছাপিয়ে আলো ছড়িয়েছেন অ্যাবট, তাহিররা। এর মধ্যে অবশ্য ফ্লুতে ভুগেছেন, মাঠেও যেন সেই ক্লান্তির ছাপ পড়েছে। নিজের শততম ম্যাচে কি জ্বলে উঠতে পারবেন ‘স্টেইন-গান’?
সতীর্থ অলরাউন্ডার ফারহান বেহারডিয়েন কিন্তু সে রকম সম্ভাবনাই দেখছেন, ‘ওকে কয়েকবার খেলার অভিজ্ঞতা হয়েছে আমার। পুরো ফর্মে থাকলে ওকে খেলাটা খুব মজার কিছু নয়। বোলিং ইউনিটের জন্য ওর উপস্থিতিই অসাধারণ অনুপ্রেরণাদায়ী। আমরা জানি গত ১০ বছরে সে কী দারুণ পারফর্ম করেছে, টেস্টের এক নম্বর বোলারও সে। আর শততম ম্যাচ তো দুর্দান্ত একটা অর্জন, বিরাট একটা গর্ব। আমরা উপলক্ষটা জয় দিয়েই উদ্যাপন করার চেষ্টা করব।’
আয়ারল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকা জয় না পেলে সেটি হবে অঘটন। কিন্তু স্টেইন তো শুধু জয় নয়, নিজেকেও তো ফিরে পেতে চাইবেন! এএফপি।