শতভাগ হারে সফর শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ উইকেটে ১১২ রান। ক্ষীণ হলেও কি বাংলাদেশ শিবিরে তখন সান্ত্বনার জয়ের আশা জাগেনি! জেগে থাকলেও সেটা মুছে যেতেও সময় লাগেনি। ওই ১ উইকেটে ১১২ থেকে কাল শেষ ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা অলআউট হয়ে যায় ১৭৭ রানে। জবাবে ৩৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই দক্ষিণ আফ্রিকার মেয়েরা পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। ফল, সালমাদের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হলো শতভাগ হার দিয়ে! তিনটি টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার উদীয়মান মহিলা একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচসহ তিন ওয়ানডেতেই হার।
কাল ১৫ রান করে ফারজানার আউটের পর আরেক ওপেনার আয়েশা ও রুমানার ব্যাট বড় রানের আশা জাগিয়েছিল। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৯৩ রানের জুটি। রুমানা করেন ৪৩ রান। আয়েশা ৭০। সফরে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৭৭, বাংলাদেশের দলীয় সর্বোচ্চও। দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৭০ রানে হারায় ২ উইকেট। তৃতীয় উইকেটে তৃষা ছেত্তি ও মারিজান ক্যাপের অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটিতে নিশ্চিত হয়েছে ৮ উইকেটের জয়। ছেত্তি ৭৬ ও ক্যাপ অপরাজিত থাকেন ৫৯ রানে। তথ্যসূত্র: ক্রিকইনফো।