শতাব্দী পূরণ হলো আজ ব্রাজিলীয় ফুটবলের

ব্রাজিলীয় ফুটবলের ১০০ বছর! এক শতাব্দী আগে ১৯১৪ সালের ২১ জুলাই আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো পা রেখেছিল আজকের বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল। ইংল্যান্ডের একটি ক্লাবের সঙ্গে এক প্রীতি ম্যাচ দিয়ে যে পথচলার শুরু, সেই পথ গত ১০০ বছরে পৌঁছেছে অনেক দূরই।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের তকমা কিংবা দুবার বিশ্বকাপ আয়োজনের ব্যাপারগুলো ছাপিয়েও ফুটবল বিশ্বে এই ব্রাজিল ফুটবলের অন্যতম সূতিকাগার হিসেবেই পরিচিতি পেয়েছে। আজ থেকে ১০০ বছর আগের সেই ম্যাচ তাই যথেষ্ট গুরুত্বের সঙ্গেই স্মরণ হচ্ছে ব্রাজিলে। যে ম্যাচটি ব্রাজিলকে জুগিয়েছিল আত্মবিশ্বাস, কিংবা উদ্দীপ্ত করেছিল দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে চলার প্রেরণায়, সেই ম্যাচ আসলে ব্রাজিলীয়দের কাছে আপন শিকড়ের কাছে ফিরে যাওয়ার মতোই এক ব্যাপার।
১০০ বছর আগে ওই ম্যাচে কিন্তু মাঠে নেমেছিল ব্রাজিলের ‘নির্বাচিত’ এক একাদশ। প্রতিপক্ষ ইংল্যান্ডের এক্সেটার সিটির বিপক্ষে রিও ডি জেনিরো আর সাওপাওলোর সেরা খেলোয়াড়দের একত্র করে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল। সে সময় সম্পূর্ণ অপেশাদার ব্রাজিলীয় ফুটবলারদের জন্য পেশাদার এক্সেটর সিটির বিপক্ষে ওই ম্যাচটি ছিল বিরাট এক পরীক্ষার। সেই পরীক্ষায় ২-০ গোলে জিতে ব্রাজিলের ফুটবল পেয়েছিল এক নতুন দিকের সন্ধান।
ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন আসলে এক্সেটর সিটির বিপক্ষে ওই ম্যাচটি আয়োজন করেছিল অন্য এক উদ্দেশ্যে। সে সময় কনফেডারেশন বেশ গুরুত্বের সঙ্গেই ভাবছিল আন্তর্জাতিক ফুটবলে পা রাখার বিষয়টি। প্রতিবেশী আর্জেন্টিনার সঙ্গে আয়োজিত হয়ে আছে এক প্রীতি ম্যাচ। কিন্তু নিজেদের সত্যিকারের শক্তি যাচাইয়ের উদ্দেশ্যে কনফেডারেশনস বেছে নিয়েছিল এক্সেটর সিটির বিপক্ষে ওই ম্যাচটি।
এর কিছু দিন পরই আত্মবিশ্বাসী ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের যাত্রাটাও স্মরণীয় করে রেখেছিল। বিশ্ব ফুটবলে সূত্রপাত হয়েছিল এক দুর্দান্ত ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের যাত্রা শুরু হয় ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর। তবে সত্যিকারের যাত্রা শুরু হয়েছিল আজই, ঠিক ১০০ বছর আগে।
এক্সেটার সিটির বিপক্ষে সেই ম্যাচটি দারুণ সাড়া ফেলেছিল গোটা ব্রাজিলে। ব্রাজিলীয় পত্রিকাগুলো এই ম্যাচকে আখ্যা দিয়েছিল, ‘গ্রেট স্পোর্টিং ইভেন্ট’ হিসেবে। শুধু তা-ই নয়, এই ম্যাচকে তারা অভিহিত করেছিল ‘ব্রাজিল বনাম ইংল্যান্ড’ ম্যাচ হিসেবে।
এক্সেটার সিটি ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক পেশাদার ক্লাব। বর্তমানে অবশ্য আগের জৌলুসটা আর নেই। ইংলিশ ফুটবলে খেলে লিগ-২ (চতুর্থ বিভাগে)। তবে এই দলটিকে আবার ব্রাজিলে ডাকা হয়েছে সেই অবিস্মরণীয় অধ্যায়কে স্মরণ করার জন্য। এক্সেটার সিটিও দারুণ খুশি। ব্রাজিলীয় ফুটবলের শতক-অতীত ইতিহাসের সঙ্গে নিজেদের নাম ফেলার গৌরবের অংশীদার হওয়াটা তো আর চাট্টিখানি কথা নয়! রয়টার্স।