শত্রু তুমি, বন্ধু তুমি
দুজনের মধ্যে বোঝাপড়াটা দারুণ। দুই মৌসুম ধরে যে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত ফর্ম, তার নেপথ্যে আছেন মেসুত ওজিল। এই মৌসুমে লা লিগায় রোনালদোর গোল ৪৬টি। এর অনেকগুলোই ওজিলের প্রত্যক্ষ পাসে। কিন্তু আজ হিসাবটা একেবারেই অন্য রকম। আজ ওজিলদের বিরুদ্ধে প্রতিশোধের নেশায় ঝাঁপিয়ে পড়বে রোনালদোর পর্তুগাল। এই জার্মানির কাছেই তো ২০০৬ বিশ্বকাপ আর ২০০৮ ইউরোতে হেরেছিলেন রোনালদোরা!মনে যা-ই থাকুক, রোনালদো মুখে বলছেন একেবারেই অন্য কথা, ‘ফুটবলে আমি “প্রতিশোধ” শব্দটা ব্যবহার করতে চাই না। এটা তো স্রেফ একটা খেলা, যুদ্ধ নয়। আমরা জিততে চাই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপটা ভালোভাবে শুরু করতে চাই। এটাও ভালো করেই জানি, জার্মানি অসাধারণ একটা দল। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় ওরা দারুণ খেলেছেও। ওরা এমন এক প্রতিপক্ষ যাদের আমরা অনেক সমীহ করি। কিন্তু আমাদের সম্ভাবনাও আছে। আমাদের আছে নিজস্ব শক্তি, ভালোভাবে শুরু করার জন্য আমরা সবকিছুই করব।’গ্রুপটা মৃত্যুকূপ বলেই এখানে কোনো ম্যাচই হালকা করে দেখার সুযোগ নেই। এর পর পর্তুগালকে খেলতে হবে গত বিশ্বকাপের ফাইনালিস্ট হল্যান্ড আর ১৯৯২ ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্কের সঙ্গে। পর্তুগাল অধিনায়ক বলছেন, ‘আমরা জানি, ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপেই আমরা পড়েছি। কিন্তু এ নিয়ে অনুশোচনার কিছু নেই। কারণ চাইলেই তো আর কিছু পাল্টে দেওয়া যাচ্ছে না। আর এটা আমরা বেশ কয়েক মাস ধরেই জেনে আসছি। তাই আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই।’ক্লাবের ফর্মটা জাতীয় দলের হয়ে টেনে আনতে পারছেন না। রিয়ালের হয়ে গোলের পর গোল। অথচ প্রস্তুতি ম্যাচগুলোয় দেখা গেছে অন্য রোনালদোকে। অধিনায়কত্ব বাড়তি চাপ হচ্ছে কি না এমন কথাও উঠেছে। রোনালদো অবশ্য বলছেন, ‘না, কারণ আমি অনেকগুলো ম্যাচেই অধিনায়কের দায়িত্ব পালন করে ফেলেছি। এটা বাড়তি চাপে আমাকে ফেলে না, কারণ বাহুবন্ধনী এমন কিছু নয় যেটা আমার ভাবনাকে পাল্টে ফেলে। এ দলটি সামলানো বরং অনেক সহজ, সবাই খুব বন্ধুত্বপূর্ণ, ঐক্যবদ্ধ। অধিনায়কের বাহুবন্ধনী পরাটা বরং এতে অনেক সহজ হয়ে গেছে।’ওজিল নিশ্চয়ই প্রার্থনা করবেন, এই ম্যাচেও দেখা যাক ব্যর্থ রোনালদোকে। এমনিতে নিজের লেখা কলামে জার্মান মিডফিল্ডার প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন রোনালদোকে, ‘আমার কাছে ও সব দিক দিয়ে অসাধারণ এক খেলোয়াড়। দুই বছর আগে রিয়ালে যখন গেলাম, ও আমাকে একরকম সমাদর করেছে। সে মোটেও স্বার্থপর নয়। বরং দলকে অনেক কিছু দেয়। বাকি দলটার জন্যই ও একটা আদর্শ। আমি জানি, ও খুবই সাধারণ, চমৎকার এক মানুষ।’ এএফপি।