শত্রুবেশে ‘আপন ঘরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবলের বাস্তবতায় ক্রিস্টিয়ানো রোনালদো আজ ‘নিজের ঘরে’র লুটেরা হতে চলেছেন। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এই প্রথম রোনালদো যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডে, শত্রুর বেশে।সাতটি মৌসুম কাটিয়েছেন ওল্ড ট্রাফোর্ডে। ২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ১৭ বছর বয়সে। আজকের রোনালদো নামের ‘তারকা’র জন্মও ওল্ড ট্রাফোর্ডেই। ক্যারিয়ারে একমাত্র ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটিও জিতেছেন সেখানে থাকতেই। ওল্ড ট্রাফোর্ডের প্রতিটি অঙ্গেই জড়িয়ে আছে তাঁর ভালোবাসার স্মৃতি।সেই ভালোবাসার আঙিনায় আজ যখন শত্রুর বেশে ঢুকবেন রোনালদো, কেমন হবে পরিবেশ? সমর্থকেরাই বা তাঁকে কি বরণ করে নেবেন? সব প্রশ্নের উত্তর যেন প্যাট্রিস এভরার কথায়, ‘এটা তার বাড়ি। কাজেই ব্যাপারটা প্রচণ্ড আবেগেরই হবে। আশা করি, এ কারণে সে ভালো খেলতে পারবে না।’ তিনি গুরু, অ্যালেক্স ফার্গুসন অবশ্য এভরার মতো অমঙ্গল কামনা করছেন না। ফার্গি প্রতিশ্রুতি দিচ্ছেন, ঘরে ফিরে উষ্ণ অভ্যর্থনাই পাবে তাঁর সাবেক শিষ্য, ‘সে দারুণ অভ্যর্থনাই পাবে। আমাদের সব সাবেক খেলোয়াড়ই এখানে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। আমি সব সময়ই এটা দেখেছি। আমি মনে করি, ম্যাচের শুরুতে সেও তা পাবে।’ফার্গুসনের ইঙ্গিত পরিষ্কার, গোল করে ইউনাইটেডের স্বপ্ন চুরি করলে ভালোবাসার পরিবর্তে দুয়োই জুটবে কপালে। তবে রোনালদো বলছেন অন্য কথা। তাঁর বিশ্বাস, ওল্ড ট্রাফোর্ডে ফিরে নিখাদ ভালোবাসাই পাবেন। আর গোল করতে পারলে সেটা নাকি হবে দারুণ ব্যাপার, ‘আমি নিশ্চিত, ইউনাইটেডের সমর্থকেরা আমাকে বরণ করে নেবে। যদি আমি তাদের বিপক্ষে গোল করতে পারি, সেটা হবে খুবই আকর্ষণীয় এবং অনুভূতিটা হবে দুর্দান্ত।’গত এল ক্লাসিকোতে পরামর্শ পেয়েছেন ডিয়েগো ম্যারাডোনার। রোনালদোও ‘আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের’ পরামর্শে উজ্জীবিত হয়ে ইউনাইটেডকে খুন করতে প্রস্তুত। ব্যাপারটা জানা আছে বলেই কিনা বন্ধু রুনিও রোনালদোকে নিয়ে উদ্বিগ্ন, ‘সে অবিশ্বাস্য। আমি তার সঙ্গে খেলেছি। জানি সে কতটা ভালো।’ তবে নিজেদের মাঠে ইউনাইটেডকেই ফেবারিট মানছেন রুনি। এএফপি।