শন মার্শের ব্যাটে পাঞ্জাবের জয়
শন মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৪০ বলে ৬৮ রানের ম্যাচ-জেতানো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মার্শ। ১৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তিন বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।উদ্বোধনী জুটিতেই ৪৮ রানের জুটি গড়ে পাঞ্জাবকে শুভ সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার নিতিন সৈনি ও মানদিপ সিং। নিতিনের ব্যাট থেকে এসেছে ৩০ রান। ২৪ রান করে আউট হয়েছেন মানদিপ। তৃতীয় উইকেটে আবার ৫৮ রানের ম্যাচজয়ী জুটি গড়েন শন মার্শ ও অধিনায়ক ডেভিড হাসি। পোলার্ডের বলে আউট হওয়ার আগে হাসি করেছেন ২১ রান। আর ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শন মার্শ। মুম্বাইয়ের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন প্রজ্ঞান ওঝা ও কাইরন পোলার্ড।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন দীর্ঘদিন পর মাঠে নামা শচীন টেন্ডুলকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়ে ফিরে যেতে হয় ভারতের এই ব্যাটিং আইকনকে। তবে তিনি করেন ২৩ রান। উদ্বোধনী জুটিতে শচীন ও জেমস ফ্রাঙ্কলিন যোগ করেছিলেন ৫১ রান। তৃতীয় উইকেটে মাত্র ৬ ওভারে ৭৫ রানের ঝোড়ো একটি জুটি গড়েছিলেন ফ্রাঙ্কলিন ও দিনেশ কার্তিক। কার্তিককেও বিদায় নিতে হয়েছে রান আউটের ফাঁদে পড়ে। তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৫ রান।